নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের যথাযথ বাস্তবায়নে মনিটরিং ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে গঠিত জাতীয় কমিটির চতুর্থ বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে তাঁর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। আগের বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে তাঁর সরকার আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে আলোচনার পর এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় এসে আণবিক সংস্থার অনুমতি নিয়ে প্রকল্পটি বাস্তবায়নে পদক্ষেপ নেয়। শেখ হাসিনা বলেন, প্রকল্পটি গ্রহণের আগে তিনি রাশিয়ার সরকারের কাছ থেকে বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস পেয়েছেন। কারণ এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের নেই।
শেখ হাসিনা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারমাণবিক বিদ্যুতের ওপর বাংলাদেশি বিজ্ঞানীদের জ্ঞান অর্জিত হবে। প্রকল্পে অনেক মানুষের কর্মসংস্থানও হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রকল্পটির ওপর উপস্থাপনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সিরাজুল হক খান।
প্রকল্পটি নির্মাণের জন্য গত বছরের ২৫ ডিসেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার কোম্পানি জেএসসি এটোমস্ট্রোসপোর্টের মধ্যে সাধারণ নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়।