নির্ধারিত সময়ে ট্যানারি শিল্প স্থানান্তর নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীর হাজারিবাগের ট্যানারি শিল্প স্থানান্তর নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১৮টি সংগঠন। এ জন্য শিল্পমালিকদের ওপর চাপ প্রয়োগ ও প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে সংগঠনগুলো।
গতকাল শুক্রবার রাজধানীর হাজারিবাগের ঢাকা ট্যানারি মোড়ে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বলা হয়, এ বছরের ডিসেম্বরের মধ্যে হাজারিবাগসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ট্যানারিগুলোকে সাভার ও কেরানীগঞ্জে স্থানান্তরের কথা রয়েছে। এ জন্য ২০১৩ সালের ১৩ অক্টোবর সরকারের সঙ্গে বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়া পণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইতিমধ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সাভারে শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), ডাম্পিং ইয়ার্ড, পানি শোধনাগারসহ বেশ কিছু কারিগরি স্থাপনাও সরকার তৈরি করে দিচ্ছে। এখন স্থানান্তর প্রক্রিয়া সফল করতে হলে সরকার ও ট্যানারির মালিকদের একযোগে কাজ করতে হবে। পরিবেশবাদীদের দাবি, প্রকল্প এলাকায় নির্মাণকাজ ও ট্যানারিগুলোর স্থানান্তর কার্যক্রম একসঙ্গে চালাতে হবে।
পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা বলেন, হাজারিবাগের ট্যানারি শিল্প স্থানান্তর বিলম্বিত হওয়ায় পরিবেশদূষণ অব্যাহত রয়েছে। হাজারিবাগ এলাকার ট্যানারির অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া সফল করতে মানববন্ধন কর্মসূচি থেকে আট দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে স্থানান্তরে ব্যর্থ কারখানাগুলোর প্লট বাতিল ও হাজারিবাগের কারখানা বন্ধ করে দেওয়া, শিল্পনগরের শ্রমিক-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত আবাসনব্যবস্থা গড়ে তোলার দাবি উল্লেখযোগ্য।
মানববন্ধনে বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, মডার্ন ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক ওরফে আরজু, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, ডব্লিউবিবির প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।