নির্ধারিত সময়ে আ.লীগের কাউন্সিল হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে না। আগামী ডিসেম্বর নাগাদ কাউন্সিল হতে পারে বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন।দলীয় সূত্র জানিয়েছে, ২৪ জুলাই আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। দলের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে বলেন, নির্ধারিত সময়ে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে কাউন্সিল করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে দ্রুততম সময়ের মধ্যে তৃণমূলের কাউন্সিল শেষ করা হবে।বৈঠকে অংশগ্রহণকারীদের একটি সূত্র জানায়, তৃণমূলের কাউন্সিল পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাত বিভাগে ১১টি কমিটির প্রস্তাব করা হয়েছে। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে কমিটি চূড়ান্ত করা হবে। এ ছাড়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক যুগ্ম সাধারণ সম্পাদকের শূন্য পদে মনোনীত হওয়ায় সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। চট্টগ্রামের বিভাগের দায়িত্বে থাকা আহমদ হোসেনকে ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব অপরিবর্তিত রয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ, বি এম মোজাম্মেল হক, বীর বাহাদুর, মেজবাহউদ্দিন সিরাজ, মৃণাল কান্তি দাস প্রমুখ।মাহবুব উল আলম হানিফ বলেন, ২৩ জুন আওয়ামী লীগের ৬৩ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।