নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার কেন্দ্রটি নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে পারছে না। কেন্দ্রের নকশা প্রণয়নে ঢিলেমি ও কারিগরি সমস্যার কারণে এর নির্মাণকাজ শেষ হচ্ছে না।কেন্দ্রটি সান্তাহার রেলওয়ে জংশন শহরের সাহেবপাড়া এলাকায়। রেলওয়ের কাছ থেকে অধিগ্রহণ করা ২৩ একর জমিতে নির্মাণ করা হচ্ছে ৫০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ‘সান্তাহার পিকিং পাওয়ার প্লান্ট’। এই কেন্দ্র তদারকির দায়িত্ব পাওয়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি সূত্রে জানা গেছে, প্রায় ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নকশা প্রণয়নসহ নির্মাণকাজ করছে চীনের মেসার্স ডং ফাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল করপোরেশন। ২০১০ সালের ৩১ ডিসেম্বর পিডিবির সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি হয়। সে অনুযায়ী প্রতিষ্ঠানটি ২০১১ সালের ৩১ জানুয়ারি কাজ শুরু করে। চুক্তি অনুযায়ী ১৫ মাস, অর্থাৎ ২০১২ সালের ৩০ মার্চ এই কেন্দ্রের উৎপাদনে যাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ হচ্ছে না। এ বিষয়ে চীনের প্রতিষ্ঠান মেসার্স ডং ফাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল করপোরেশনের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের তদারকির দায়িত্ব পাওয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী তরুল ইসলাম জানান, নির্মাণকারী প্রতিষ্ঠান প্রথম দিকে নকশা প্রণয়নে ঢিলেমি করায় এবং কারিগরি কিছু সমস্যার কারণে চুক্তিতে উল্লেখ করা সময়ে নির্মাণকাজ শেষ করে উৎপাদনে যেতে পারছে না। চুক্তির শর্তে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগে উৎপাদনে গেলে নির্মাণ প্রতিষ্ঠান বোনাস (পুরস্কার) পাবে। আর নির্ধারিত সময়ের পর নির্মাণকাজ শেষ হলে জরিমানা দিতে হবে। কিন্তু চুক্তির নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে না পারায় জরিমানা দিতে হচ্ছে কি না, তা জানাতে পারেননি ওই কর্মকর্তা। নির্বাহী প্রকৌশলী তরুল ইসলাম আরও জানান, এখনও বিদ্যুৎ কেন্দ্রের বেশ কিছু যন্ত্রাংশ সান্তাহারে পৌছেনি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রান্সফরমার ও অন্যান্য যন্ত্রাংশ। ট্রান্সফরমার সহ অন্যান্য যন্ত্রাংশগুলো চীনের সাংহাই থেকে নিয়ে আসা হবে। এ গুলোর মান যাচাইয়ের জন্য পিডিবির একটি প্রতিনিধি দল মঙ্গলবার চীন যাওয়ার কথা রয়েছে। ট্রান্সফরমারগুলো চীন থেকে নিয়ে আসতে আরও সময় লাগবে। এ ছাড়াও জেনারেটর গুলোর ওয়ারিং বাকি আছে। এখনও শেষ হয় নি কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণসহ বেশ কিছু কাজ। নির্বাহী প্রকোশলী তরুল ইসলাম জানান, ইতিমধ্যে এই কেন্দ্রের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সময় বাড়ালে দেড় থেকে দুই মাসের মধ্যে কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।