নির্ধারিত সময়ে কাজ হয়নি, বেড়েছে মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার হুসেনপুর-ভুলবাড়িয়া রাস্তার উন্নয়নকাজ গত ২৫ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। রাস্তা খুঁড়ে রাখায় বরং মানুষের ভোগান্তি বেড়েছে। ছবিটি গত সোমবার ভুলবাড়িয়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
নাটোরের সিংড়া উপজেলার হুসেনপুর-ভুলবাড়িয়া রাস্তার উন্নয়নকাজ গত ২৫ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। রাস্তা খুঁড়ে রাখায় বরং মানুষের ভোগান্তি বেড়েছে। ছবিটি গত সোমবার ভুলবাড়িয়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

নাটোরের সিংড়া উপজেলার হুসেনপুর থেকে ভুলবাড়িয়া বাজার পর্যন্ত রাস্তাটি ওই এলাকার মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তা। সরকারের গ্রামীণ রাস্তা উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় রাস্তাটি পাকা করার কাজ শেষ হওয়ার কথা ছিল ২৫ জুনের মধ্যে। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও সংশ্লিষ্টদের অবহেলায় রাস্তার মূল কাজই শুরু হয়নি। বরং সাম্প্রতিক বৃষ্টিতে রাস্তাটিতে পানি জমায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিংড়া উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে সিংড়া উপজেলা গ্রামীণ রাস্তা উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় তাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে কালীগঞ্জ জিসি ভুলবাড়িয়া বাজার পর্যন্ত রাস্তা পাকা করার কাজ শুরু হয়। দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২ লাখ ১৪ হাজার ৬২৫ টাকা। রাস্তার নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এন ট্রেডার্স। গত ২৫ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এ পর্যন্ত পুরো রাস্তায় ইট বিছানোর কাজই শুরু হয়নি। রাস্তা নির্মাণের জন্য মাটি খুঁড়ে দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে।

গত সোমবার সকালে গিয়ে দেখা যায়, রাস্তা খুঁড়ে রাখায় গত দুই দিনের বৃষ্টির পানিতে গর্ত ভরে গেছে। পানি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে দুই পাশের ফেলে রাখা মাটির ওপর দিয়ে মানুষ চলাচল করায় তা কাদায় পরিণত হয়েছে। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে চলে গেছে। রাস্তাটি এখন এলাকার মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

ভুলবাড়িয়া গ্রামের কৃষক ইউনুছ আলী বলেন, সময়মতো কাজ শেষ না করায় রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এই রাস্তাটি এলাকার প্রায় ১০ হাজার মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর বা ঠিকাদারের কার্যকর কোনো ভূমিকা তাঁরা দেখতে পাচ্ছেন না।

ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান বলেন হুসেনপুর, মির্জাপুর, ভুলবাড়িয়া, লালপাড়া, উলোবাড়িয়া, ধর্মপুর ও আফতাব নগরের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। তারাও অসুবিধার মধ্যে পড়েছে। এদিকে গাড়ি চলাচল বন্ধ থাকায় স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে পারছেন না। এতে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মির্জা মো. তহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার ব্যাপারে তিনি কোনো কৈফিয়ত দিতে রাজি নন। তাঁর ভাষ্যমতে, এ ধরনের ঘটনা অনেক রাস্তার ক্ষেত্রে ঘটেছে।

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী হৃদয় চন্দ্র দাস সময়মতো কাজ শেষ না করার ব্যাপারে কোনো উত্তর দেননি। তিনি দাবি করেন, হুসেনপুর-ভুলবাড়িয়া বাজার রাস্তার কাজ চলমান আছে। তবে বর্ষার কারণে কাজ সাময়িক স্থগিত থাকতে পারে।