নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণসহ চার দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। অনুষদের চার বিভাগের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার দুপুরে প্রক্টরের মাধ্যমে এই স্মারকলিপি দেন।শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো: আগের পরীক্ষাগুলো পেছানোর যৌক্তিক কারণ দেখানো, সব বিভাগে যথাসময়ে পরীক্ষা ও ফলাফল প্রকাশের নিশ্চয়তা দেওয়া এবং অনুষদকে সেশনজটমুক্ত করা। অনুষদের অর্থ ও ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহসানুল করিম ও রাউফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে নির্ধারিত পরীক্ষাসমূহ কোনো কারণ ছাড়াই পিছিয়ে দেওয়া হচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হচ্ছে।’ স্মারকলিপি দেওয়ার আগে শিক্ষার্থীরা অনুষদ ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিন ও অনুষদের চার বিভাগের সভাপতি শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টর নাসিম হাসান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর বিভাগগুলোর পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।’গত ২৫ অক্টোবর রাতে শাহজালাল হলে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ হলে তল্লাশি চালিয়ে শিবিরের ৪২ নেতা-কর্মীকে আটক করে। এর পর থেকে এ অনুষদের পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা।