নির্ধারিত সময়ে বিলবোর্ড, ফেস্টুন ও পোস্টার সরানো হয়নি

সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার, ব্যানার, লিফলেট ও ফেস্টুন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরও গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত নাটোর শহরের সর্বত্র সেগুলো দেখা গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে এগুলো সরানোর প্রচারণা চালানো হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার সরানোর নির্দেশ দেওয়া হয়। কেউ তা না মানলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত নাটোর পৌর এলাকায় ঘুরে দেখা গেছে, কানাইখালিতে স্থাপিত জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরীর বিশাল আকৃতির রঙিন একটি বিলবোর্ড। পাশেই তাঁর কর্মীদের প্রেসক্লাবের ছাদের ওপরের বিশাল আকৃতির আরেকটি বিলবোর্ড বেলা ১১টার দিকে নামিয়ে ফেলতে দেখা যায়। এ সময় ওই সম্ভাব্য প্রার্থীকে সেখানে ছাত্র যুব পরিষদের একটি মানববন্ধনে বক্তব্য দিতে দেখা যায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কানাইখালির বিলবোর্ডটিও আর দেখা যায়নি।
এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে তাঁর ও সাজেদুল আলম ওরফে বুড়া চৌধুরীর ফেস্টুন ও পোস্টার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক আল মামুনের রঙিন পোস্টার ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ কর্মী রেদওয়ান সাব্বিরের রঙিন ফেস্টুন সাঁটানো দেখা গেছে।
এ ব্যাপারে বাসিরুর রহমান খান বলেন, তাঁর কর্মীরা বিলবোর্ড ও পোস্টার সরানোর কাজ শুরু করেছেন।