নির্ধারিত সময়ে শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের হাওরগুলোতে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। গত বছরও বাঁধের কাজ দেরি করে শুরু করা হয়। এতে বন্যা ও পাহাড়ি ঢলে ২১টি হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়।

১৫ ডিসেম্বর থেকে এ কাজ শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় কাজ শুরু না হওয়ায় ১৮ ডিসেম্বর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, গত বছর তাঁর উপজেলায় ১৭টি হাওরে ফসলহানি হয়েছে। এবারও সময়মতো কাজ শুরু হয়নি। তাই তিনি মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় দ্রুত কাজ শুরু করার জন্য তাগিদ দিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের কর্মকর্তারা বলছেন, কাজের নির্ধারিত সময় ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। জেলার ৪২টি হাওরে এ বছর ফসল রক্ষা বাঁধের কাজ করা হবে। পিআইসির মাধ্যমে কাজ হবে ১০ কোটি ৭২ লাখ টাকার। এ জন্য ২২৫টি কমিটি (পিআইসি) দরকার। কিন্তু এখনো অর্ধেক কমিটিও গঠন করা যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অথবা ইউপির একজন সদস্যকে সভাপতি করে পিআইসি গঠন করতে হবে। প্রতিটি পিআইসি সর্বোচ্চ ১৫ লাখ টাকার কাজ করতে পারবে। পাঁচ থেকে সাত সদস্যের প্রতিটি পিআইসিতে স্থানীয় সাংসদের মনোনীত তিনজন প্রতিনিধি থাকেন। সাংসদেরা তাঁদের মনোনীত প্রতিনিধিদের নাম দিতে দেরি করায় এখনো অর্ধেক পিআইসি গঠন করা যায়নি।

এ ছাড়া ঠিকাদারদের মাধ্যমে আরও ৪৬ কোটি টাকার কাজ হবে। পিআইসি হাওরে বাঁধের ভাঙা অংশ মেরামত করবে। আর ঠিকাদারেরা নতুন বাঁধ তৈরি ও বাঁধ উঁচু করার কাজ করবেন।

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেছেন, ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শুরু না হলে শেষ পর্যায়ে কাজ হয় দায়সারাভাবে। এ নিয়ে একাধিকবার জানানো হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।

বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের কৃষক স্বপন কুমার বর্মণ বলেছেন, ‘আমরা বুঝি না হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে সংশ্লিষ্টদের এত উদাসীনতা কেন? প্রতিবছর এ সময় এলে আমরা বাঁধের জন্য চিৎকার করি। কিন্তু কখনোই সময়মতো কাজ হয় না।’

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেছেন, পিআইসি গঠনে বিলম্ব হচ্ছে। আর হাওর থেকে ধীরগতিতে পানি নামছে। হাওরে পানি থাকলে বাঁধের জন্য মাটি পেতে সমস্যা হয়। তবু তাঁরা দ্রুত বাঁধের কাজ শুরু করার চেষ্টা করছেন।