নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে যান ওয়াসা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে যান ওয়াসা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

তিন দফা মেয়াদ বাড়ানোর পরও চলতি বছরের জুনে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা। আগামী অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ শেষ হলে এর তিন মাস পর নগরবাসীকে পানি সরবরাহ করা সম্ভব হবে।
গতকাল রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে প্রকল্প এলাকায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ এসব কথা জানান। এ সময় ওয়াসার প্রধান প্রকৌশলী জানে আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল ইসলাম, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক চ্যান হোংগেসহ ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের কাজের অগ্রগতি দেখানোর জন্য সাংবাদিকদের সেখানে নিয়ে যায় ওয়াসা কর্তৃপক্ষ।
এ কে এম ফজলুল্লাহ বলেন, নানা সমস্যার কারণে প্রকল্পটির শোধনাগার তৈরির কাজ পিছিয়ে আছে। মূল চীনা ঠিকাদারের সঙ্গে উপঠিকাদারের দ্বন্দ্ব, স্থানীয় কিছু ব্যক্তির উৎপাত ও হরতাল-অবরোধের কারণে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করা যাচ্ছে না। তবে চীনা ঠিকাদার বর্তমানে পুরোদমে কাজ করছে। এ গতিতে চললে আগামী অক্টোবরের মধ্যে শোধনাগার তৈরির কাজ শেষ হবে।
ওয়াসার কর্মকর্তারা জানান, শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ৯০৭ কোটি টাকা। তবে সময়ক্ষেপণ ও কাজের পরিধি বাড়ায় শেষ পর্যন্ত এর ব্যয় দ্বিগুণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৭৫ কোটি টাকায়। তিনটি ভাগে এই প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে পাইপলাইন বসানো ও জলাধার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আর শোধনাগার তৈরির কাজের অগ্রগতি এখন পর্যন্ত ৫০ শতাংশ। নগর থেকে ২৮ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে কর্ণফুলী নদী থেকে পানি তুলে শোধনাগারে শোধন করে তা নগরে সরবরাহ করা হবে।