নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, কৃষকেরা আতঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের হুলাসখালী ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শুরু করা হয়নি। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের হুলাসখালী ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শুরু করা হয়নি। গতকাল তোলা ছবি l প্রথম আলো

পূর্বনির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার আটটি হাওরের ফসল রক্ষা বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামত প্রকল্পের কাজ শেষ হয়নি।
প্রকল্পকাজের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, সব কটি প্রকল্পে গড়ে ৫০ থেকে ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে কৃষকদের দাবি, বড়জোর ৩০ ভাগ কাজ হয়েছে। সময়মতো কাজ শেষ না হওয়ায় বন্যার হাত থেকে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষা নিয়ে কৃষকেরা আতঙ্কিত।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্র সোনার থাল হাওর, ধানকুনিয়া, জয়ধনা, ঘোড়াডুবা, কাইলানী, গুরমা, সোনামড়ল ও গুরমার বর্ধিতাংশ—এই আটটি হাওরের ফসল রক্ষা বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজের জন্য ৩৩টি প্রকল্পের বিপরীতে প্রথমে বরাদ্দ পাওয়া যায় ১ কোটি ৮৫ লাখ টাকা। সম্প্রতি চন্দ্র সোনার হাওরের জন্য আরও ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়ায় বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। গত বছরের ১৫ ডিসেম্বর ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু প্রতিটি প্রকল্প কমিটিতে স্থানীয় সাংসদের মনোনীত তিনজন সদস্যের তালিকা বিলম্বে দেওয়ায় প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে বিলম্ব হয়। আর এ কারণে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে কাজ শুরু করায় তা এখনো শেষ হয়নি।
ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকজন চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, সাংসদের গাফিলতির কারণেই যথাসময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু এবং তা সময়মতো শেষ করা যায়নি।
তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি যথাসময়েই তালিকা সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠিয়েছিলাম।’
গতকাল সোমবার উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের মুগরাইন বাঁধ ঘুরে দেখা যায়, এই বাঁধে এখনো মাটি ফেলা হয়নি। ওই হাওরপারের রাজধরপুর গ্রামের কৃষক কামাল মিয়া বলেন, ‘এইহানে শত শত একর কৃষিজমি আছে। অহনও বান্দের কাজ আরম্ভই করছে না। দিনে রাইতে কষ্ট কইর্যাত জমি চাষ করছি, অহন কিতা যে অইবো ওফুর ওয়ালাই জানেন।’ বেশ কয়েকজন কৃষক ফসল ঘরে তোলার বিষয়ে তাঁদের আশঙ্কার কথা বলেন।
মুগরাইন-কাইঞ্জা বাঁধের প্রকল্প কমিটির সভাপতি জয়শ্রী ইউপির সদস্য শাহজাহান কবীর বলেন, ‘এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না। কাইঞ্জা বাঁধের কাজ শুরু করেছি। এটি শেষ হলেই মুগরাইন বাঁধের কাজ শুরু করব।’
একই হাওরের হুলাসখালী গ্রামের সামনে হুলাসখালী ফসল রক্ষা বাঁধে এখনো মাটি ফেলা হয়নি। তবে পূর্ব পাশের আরেকটি জতীন্দ্রভিটার বাঁধের কিছু অংশে মাটি ফেলা হয়েছে।
হুলাসখালী-জতীন্দ্রভিটা বাঁধের প্রকল্প কমিটির সভাপতি সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপির সদস্য শাহীন আলম বলেন, ‘আগামী দু-এক দিনের মধ্যেই এই কাজ শেষ হলে হুলাসখালী বাঁধের কাজ শুরু করব।’
ঘোড়াডুবা, কাইলানী, গুরমা ও গুরমার বর্ধিতাংশ হাওরের ১৪টি প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জের পাউবোর উপসহকারী প্রকৌশলী খন্দকার আলী রেজা বলেন, এ বছর হাওরের বাঁধ ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজ দেরিতে শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।
জয়ধনা, ধানকুনিয়া ও চন্দ্র সোনার থাল হাওরের ১৪টি প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন দাবি করেন, ওই হাওরগুলোর প্রকল্প কাজের প্রায় ৫০ থেকে ৫৫ ভাগ কাজ শেষ হয়েছে।
সোনামড়ল হাওরের পাঁচটি প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী বরকত উল্লাহ দাবি করেন, ওই হাওরের পাঁচটি প্রকল্পের গড়ে প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে।
সুনামগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, নানা কারণে হাওরের ফসল রক্ষা বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজ যথাসময়ে শুরু করা যায়নি। কাজের সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত সব কটি বাঁধের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তাগিদ দেওয়া হয়েছে।