নির্ধারিত সময়ে শেষ হয়নি নয়টি সেতুর নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত ১৫ সপ্তাহ সময় অতিবাহিত হলেও ভেদরগঞ্জ-মাওয়া সড়কের নয়টি সেতুর নির্মাণকাজ শেষ হয়নি। এ সড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ-মাওয়া সড়কের ভেদরগঞ্জ উপজেলা সদর থেকে কার্তিকপুর পর্যন্ত নয়টি আরসিসি সেতুর নির্মাণকাজ চলছে। ভারী যানবাহন চলাচলের জন্য এ সড়কের নয়টি কালভার্ট ভেঙে আরসিসি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা সদর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ মিটার দীর্ঘ এ সেতুগুলোর প্রকল্প ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা। গত জানুয়ারি মাসে এগুলো নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ১৫ সপ্তাহের মধ্যে নির্মাণকাজ শেষ করার শর্তে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিযুক্ত করা হয়। গত জানুয়ারি মাস থেকে এ সড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে বিকল্প সড়কে হালকা যান চলাচল করছে।সরেজমিনে দেখা গেছে, বর্তমানে সাতটি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। কার্তিকপুর বাজারের পালপাড়া ও ভেদরগঞ্জের বাঁশতলা এলাকায় দুটি সেতুর নির্মাণকাজ এখনো শুরু হয়নি। তবে নির্মাণকাজ সম্পন্ন হওয়া সাতটি সেতুর সংযোগসড়কের মাটি ভরাটের কাজ এখনো শেষ হয়নি।ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবুল আহম্মেদ বলেন, সপ্তাহে দুদিন ঢাকা থেকে ট্রাকে করে মালামাল আনতে হয়। সেতুগুলোর নির্মাণকাজ শেষ না হওয়ায় ট্রাক দ্বিগুণ পথ ঘুরে চলাচল করে। এতে পরিবহনের ব্যয় অনেক বেড়ে গেছে।অটোরিকশাচালক লোকমান ব্যাপারী বলেন, ‘এ পথে সেতুগুলোর পাশের বিকল্প সড়ক কাঁচা থাকায় আমাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।’শরীয়তপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘সেতুগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডিকে তাগাদা দিয়েছি। দীর্ঘদিন যাবৎ এ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় পরিবহনের মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যাত্রীদেরও দুর্ভোগ বাড়ছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আবদুল মান্নান রাঢ়ী বলেন, অতিবৃষ্টির কারণে বাঁশতলা এলাকার একটি সেতুর নির্মাণকাজ শেষ করতে সময় একটু বেশি লেগেছে। এ ছাড়া কার্যাদেশে এই এলাকার আরেকটি সেতুর দৈর্ঘ্য ১৬ মিটার ধরা হয়েছিল। সেটি সংশোধন করে ২৪ মিটার করার জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত হয়ে এলেই কাজ শুরু হবে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শেখ নুরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম ও অতিবৃষ্টির কারণে সেতুগুলোর নির্মাণকাজে সময় বেশি লেগেছে। এর সংযোগসড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারদের বলা হয়েছে। একটি সেতুর দৈর্ঘ্য আট মিটার বাড়ানোর জন্য প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলেই কাজ শুরু হবে।