দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া থেকে রাজবাড়ীর বসন্তপুর পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের সংস্কারকাজের দরপত্রের মেয়াদ শেষ হলেও মাত্র দুই কিলোমিটার ছাড়া কাজ হয়নি। প্রকল্পটি বাতিল হওয়ায় সংস্কার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।সড়ক ও জনপথের (সওজ) রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক নির্মিত হওয়ার পর ২০০১ সালে ফরিদপুর সওজ সাময়িক রক্ষণাবেক্ষণের জন্য ডিপিএসটি (কার্পেটিং) কোরের কাজ করে। প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার যানবাহন চলাচল করায় পুরো সড়ক ফেটে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ২০০৭-০৮ সালে রাজবাড়ী-ফরিদপুর অংশে আইটিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্পেটিংয়ের কাজ করার কথা থাকলেও রাজবাড়ীর অংশ বাদ দিয়ে শুধু ফরিদপুর অংশে কাজ করে চলে যায়।দ্বিতীয় দফায় প্রকল্প কার্যালয় গোপালগঞ্জ থেকে প্রাক্কলন করে ২০১১ সালের জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। ওই বছরের ২২ নভেম্বর থেকে দৌলতদিয়া থেকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর পর্যন্ত ১৭ দশমিক ৮০ কিলোমিটারে ৫০ মিলিমিটার সাববেজ ওয়েরিংয়ের (কার্পেটিং) কার্যাদেশ দেওয়া হয় খুলনার বেসিক ইউনিলিং ইন্টারন্যাশনাল লিমিটেডকে। গত বছরের ২১ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত জুনে প্রকল্পটি বাতিল হয়ে যায়। এর মধ্যে ফেরিঘাট থেকে টার্মিনালের সম্মুখভাগ পর্যন্ত এক কিলোমিটার ও রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকায় আরও প্রায় এক কিলোমিটার সংস্কারকাজ করে প্রতিষ্ঠানটি এক কোটি ৮৯ লাখ টাকার বিল তুলে নেয়।বেসিক ইউনিলিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, ‘প্রকল্পটি বাতিল হলে কাজ বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর করার কিছুই ছিল না।’ তিনি দাবি করেন, প্রায় তিন কোটি টাকার কাজ করলেও মাত্র এক কোটি টাকার মতো বিল তাঁরা পেয়েছেন।কাজের তদারক কর্মকর্তা ও সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজে আগ্রহ দেখায়নি প্রতিষ্ঠানটি। তারা জুনে প্রকল্পটি বাতিল হওয়ার আগে মাত্র দুই কিলোমিটারের মতো সংস্কারকাজ করে এক কোটি ৮৯ লাখ টাকার বিল তুলে নিয়েছে। এখন নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত কাজ করা না হলে সড়কের অস্তিত্বই থাকবে না।গত বছরের ২৮ নভেম্বর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গোপালগঞ্জ যাওয়ার পথে দৌলতদিয়াঘাট এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, অর্থের অভাবে অনেক কাজই করা সম্ভব হচ্ছে না। তবে দৌলতদিয়াঘাট থেকে বসন্তপুর পর্যন্ত সড়কের কাজ আগামী বছর (চলতি বছর) এপ্রিলের মধ্যেই শেষ করা হবে।