নির্ধারিত সময়ে সংস্কারকাজ সম্পন্ন না করায় ক্ষোভ
মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের সংস্কারকাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্বিতীয় দফায় বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেছে গত এপ্রিল মাসে। অথচ এ সময়ে সড়কের অধিকাংশ জায়গাতেই কাজ হয়নি। স্থানীয় সাংসদ ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী গতকাল রোববার দুপুরে সংশ্লিষ্ট ঠিকাদারকে ডেকে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ কিলোমিটার সংস্কারের জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয় থেকে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে দরপত্র আহ্বান করা হয়। প্রায় ১১ কোটি টাকার এ কাজ পায় ঢাকার ‘আরসিএসএস-জেভি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের আগস্ট থেকে কাজ শুরু করতে সওজ অধিদপ্তর কার্যাদেশ দিলেও প্রতিষ্ঠানটি কাজ শুরু করেনি। গত বছরের (২০১১) মাঝামাঝি সময়ে ‘আরসিএসএস-জেভি’ কাজটি কুলাউড়ার ‘এমআর ইন্টারন্যাশনাল’ নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। পরে সময় বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিলের মধ্যে কাজটি সম্পন্নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু এ সময়ে মাত্র ১২ থেকে ১৩ কিলোমিটার জায়গায় কাজ হয়েছে। এলাকাবাসী জানায়, সড়কের কুলাউড়া উপজেলার চুনঘর এলাকা থেকে কুলাউড়া পৌর শহরের একাংশ, জুড়ী উপজেলার বাছিরপুরে একাংশ এবং বড়লেখা উপজেলার বড়লেখা পৌর শহরের একাংশে কিছু কাজ হয়েছে। বাকি জায়গা খানাখন্দে ভরা। বৃষ্টিতে এসব স্থানে পানি জমে যায়। এতে জনদুর্ভোগ চরমে ওঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর গতকাল সকালে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়ক পরিদর্শন করেন। দুপুর ১২টার দিকে বড়লেখা উপজেলা সদরে অবস্থিত সওজ অধিদপ্তরের বিশ্রামাগারে সড়কটির পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়। সেখানে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সওজ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ঠিকাদার মুহিবুর রহমানকে সেখানে ডেকে নিয়ে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করার বিষয়ে সাংসদ ও প্রধান প্রকৌশলী জানতে চান। এ সময় মুহিবুর রহমান বিভিন্ন অজুহাত দেখালে তাঁরা খেপে যান। পরে মুহিবুর রহমান কাজটি সম্পন্নের জন্য আরও তিন-চার মাস সময় বাড়ানোর অনুরোধ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সওজ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আলীম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জনদুর্ভোগের কথা বিবেচনা করে সাংসদ ও প্রধান প্রকৌশলী স্যার সময় বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। প্রধান প্রকৌশলী ঢাকায় ফিরে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলেছেন।’ এ ব্যাপারে জানতে একাধিকবার মুঠোফোনে কল করলেও ঠিকাদার মুহিবুর রহমান রিসিভ করেননি।