নির্ধারিত সময়ে সাক্ষীদের হাজির করতে পুলিশকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষীদের আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে ‘পুরাতন ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি: প্রতিবন্ধকতা ও নিরসনের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এ নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ আদালত থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় জেলা ও দায়রা জজ বলেন, সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে কেন হাজির করা গেল না সে বিষয়ে সংশ্লিষ্ট পুলিশকে প্রতিবেদন দিতে হবে। এ ছাড়া আদালতের বেঞ্চ সহকারী, সরকারি কৌঁসুলির কার্যালয় ও কোর্ট পরিদর্শককেও প্রতিবেদন পাঠাতে হবে।
মো. নূরুল হুদা সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সাক্ষীর প্রতি জারি করা প্রসেস জারির ক্ষেত্রে কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক সাক্ষীদের অনুপস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করে জেলা ও দায়রা জজ সভায় বলেন, চিকিৎসক সাক্ষীদের প্রতি ইস্যুকৃত প্রসেসগুলো তাঁদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু করতে হবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকেও তাঁর অধীন চিকিৎসকদের আদালতে হাজির করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসক সাক্ষীর অনুপস্থিতির দায়ভার তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারেন না। সর্বোপরি বিচার বিভাগ পৃথককরণের পূর্ববর্তী সময়ে স্বীকারোক্তি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেটদের সাক্ষী হিসেবে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনগত বাধ্যবাধকতার বিষয়টি জেলা ও দায়রা জজ স্মরণ করিয়ে দেন সভায়।
সভায় বলা হয়, জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা ২০১৫ সালে চট্টগ্রাম জেলায় বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কেস ম্যানেজমেন্ট প্রজেক্ট গ্রহণ করেছিলেন। এই প্রজেক্টের আওতায় বিচারক স্বল্পতা থাকা সত্ত্বেও চট্টগ্রাম জেলা জজশীপে ২০১৫ সালে পুরাতন ৫৯৩টি মামলাসহ ৩১ হাজার ১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ২০১৪ সালে নিষ্পত্তি করা মামলার সংখ্যা ছিল ১২ হাজার ৩৪৩ টি।
জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত এবং যুগ্ম জেলা ও দায়রা জজগণ, চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান, জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান, সহকারী পুলিশ সুপারেরা, জেলার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ও জেলার বিভিন্ন আদালতের বেঞ্চ সহকারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা।