নির্ধারিত সময়ে ৯০ ভাগ বর্জ্য অপসারণের দাবি মেয়রের
নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শহর থেকে কোরবানির পশুর ৯০ ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গত রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।
কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমবিষয়ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএনসিসি ও ডিএসসিসি।
গত ২৮ আগস্ট ডিএসসিসির নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন মেয়র সাঈদ খোকন।
রোববারের সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, দুই সিটি করপোরেশন এলাকায় এবার প্রায় সাড়ে ৪ লাখ পশু কোরবানি করা হয়েছে। রোববার বেলা দুইটা পর্যন্ত ২২ হাজার ২৭০ টন বর্জ্য জমা হয়। এর মধ্যে প্রায় ২০ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বাকি বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে। এসব বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশনে প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করেছেন।
কোরবানির পশু জবাই করতে ডিএসসিসি এলাকায় ৬৫০টি ও ডিএনসিসি এলাকায় ৫৪৯টি স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে একাধিক সাংবাদিক বলেন, বেঁধে দেওয়া বেশির ভাগ স্থানে পশু কোরবানি হয়নি। নির্ধারিত স্থানে পশু কোরবানি বাধ্যতামূলক করতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না? জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু জবাই করলে আরও কম সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। তাই নাগরিকদের সচেতন করতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানো হবে। তিনি বলেন, পশু কোরবানির জন্য তাঁরা দ্বিতীয়বারের মতো স্থান নির্ধারণ করেছেন। পরিস্থিতির উন্নতির জন্য হয়তো আরও দুই-চার বছর লাগবে। তাঁরা জনগণকে উদ্বুদ্ধ করতে চান।
এদিকে গতকাল সন্ধ্যায় ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।
এর আগে বেলা আড়াইটার দিকে যাত্রাবাড়ী, দনিয়া ও শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বসা পশুর অবৈধ হাটের বর্জ্য অপসারণ করতে দেখা গেছে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের।
কোরবানির পশুর বর্জ্য অপসারণে সহায়তার জন্য দুই সিটি থেকে হট লাইন চালু করা হয়েছিল।
ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সিটি করপোরেশনের হট লাইনে ১ হাজার ৫১০টি ফোন এসেছে। তার মধ্যে ৬৭টি ফোন এসেছে বর্জ্য অপসারণের সহায়তা চেয়ে। অন্যরা কৌতূহল থেকে ফোন করেছেন। যাঁরা সহায়তা চেয়েছেন, তাঁদের বাড়ির সামনে থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে।