নির্ধারিত সময়েই চার লেনের কাজ শেষ হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের সংস্কারকাজ নির্ধারিত সময়েই শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গাজীপুরে চার লেন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনকালে রেজা কনস্ট্রাকশন ফার্মের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দাউদকান্দির টোলপ্লাজা এলাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। ২০১৩ সালের মার্চের মধ্যে শেষ করতে হবে আরও ৬২ কিলোমিটার সড়কের কাজ। এখানকার এই চার লেনের সংস্কারকাজ সম্পন্ন হলে যানজটও কমে যাবে। আগামী ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য মহাসড়কের চৌদ্দগ্রাম, বাড়িরহাট, সীতাকুণ্ড, মিরসরাই, মহীপাল ও বড়দারগারহাট এলাকায় আগামী ১৫ দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করা হবে।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খান, সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমীন, নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন প্রমুখ।