নির্ধারিত সময়ের আগে বর্জ্য পরিষ্কার, দাবি দুই মেয়রের

ঘোষিত ৪৮ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকার দুই মেয়র। এবারের কোরবানির ঈদে দুই সিটিতে মোট বর্জ্য হয়েছে প্রায় ২৭ হাজার টন। গতকাল বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলন করে দুই মেয়র আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের তথ্য তুলে ধরেন।
গত মঙ্গলবার ঈদের দিন দুপুর দুইটায় বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টার কার্যক্রম উদ্বোধন করেন দুই মেয়র। উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জায়গায় বসানো হাট পরিষ্কারের মধ্য দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। আর ধোলাইখাল এলাকায় দক্ষিণের মেয়র সাঈদ খোকন বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।
বর্জ্য পরিষ্কারের তথ্য জানাতে ঈদের দুই দিন পর গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘নগরবাসীর সার্বিক সহযোগিতায় দক্ষিণ সিটি করপোরেশন এলাকার প্রায় শতভাগ বর্জ্য অপসারণ করতে সমর্থ হয়েছি।’ মেয়র জানান, গত দুই দিনে প্রায় ১৯ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
এ বছর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ লাখ ৪০ হাজার পশু কোরবানি হয়েছে। তবে পশু কোরবানির জন্য নির্ধারিত ৫০৪টি জায়গায় উপস্থিতি আশানুরূপ ছিল না বলে মন্তব্য করেন সাঈদ খোকন। তিনি বলেন, নির্ধারিত জায়গায় পশু কোরবানির উদ্যোগের দ্বিতীয় বছর চলছে। গত বছরের তুলনায় এবার উপস্থিতি বেশি ছিল। দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।
ঈদের দিন সকালে ভারী বৃষ্টি হওয়ায় শান্তিনগর ও জুরাইন এলাকায় পশুর রক্ত বৃষ্টির পানিতে মিশে যায়। ফলে গলিপথ লাল রং ধারণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি নিয়ে সমালোচনা হচ্ছে। রাস্তাঘাটে রক্তমিশ্রিত পানি জমে থাকা ‘দৃষ্টিকটু’ মন্তব্য করে সাঈদ খোকন বলেন, ‘এটা একেবারেই নতুন অভিজ্ঞতা। আমরা বুঝতেই পারিনি এমন হতে পারে। আগামী কোরবানির ঈদে এ বিষয়টি আমাদের মাথায় থাকবে। ঈদের দিন বৃষ্টি হলে নগরবাসীও কোরবানির জন্য সেভাবেই প্রস্তুতি নিয়ে রাখবেন।’
উত্তরের মেয়র আনিসুল হক দুপুরে সংবাদ সম্মেলনে জানান, ঢাকা উত্তরে ১ লাখ ৯৭ হাজার ৫৩৫টি পশু কোরবানি হয়েছে। আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭ হাজার ৮০১ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ কাজে ৩ হাজার ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন।
আনিসুল হক বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর শহর বেশি পরিষ্কার। জনসাধারণ অনেক বেশি সহায়তা করেছেন। এখন পর্যন্ত সব ময়লা-আবর্জনা পরিষ্কার করতে পেরেছি।’ নির্ধারিত স্থানে পশু কোরবানিতে নগরবাসীর আগ্রহ বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, পশু কোরবানিকে একটি নির্দিষ্ট জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। কিছু ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু কোরবানি করা হয়েছে। কোথাও হয়নি। এটা দীর্ঘদিনের অভ্যাসের ব্যাপার। আরও কয়েক বছর প্রচারণা চালাতে হবে।