নির্ধারিত সময়ের আগেই উন্মুক্ত হলো চিত্রা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রা নদীর ওপর নির্মিত নড়াইলবাসীর স্বপ্নের চিত্রা সেতু নির্ধারিত সময়ের আগেই উন্মুক্ত হলো। গত রোববার বিকেলে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সেতুটি। বহু আন্দোলন-সংগ্রামের ফসল এ সেতু চালু হওয়ায় জেলার তিন উপজেলার প্রায় সাড়ে সাত লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো।
সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কালাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান, সহসভাপতি সৈয়দ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম প্রমুখ।
জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য মহান স্বাধীনতা দিবসে সেতুটি উন্মুক্ত করা হলো। তবে প্রধানমন্ত্রী পরে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। শেখ রাসেলের নামে এ সেতুর নামকরণ করতে অনুমোদন পাওয়া গেছে।
সেতু উন্মুক্ত করায় এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বাইছে। সেতু এলাকায় এসে উৎসুক মানুষ আনন্দ-উল্লাস করেছেন। নড়াইল সদরের সীমাখালী গ্রামের গৃহবধূ সেলিনা খাতুন বলেন, এখন আট কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না। এ সেতুর ওপর দিয়ে পার হলেই নড়াইল আদালত, জেলা প্রশাসকের কার্যালয় ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানসহ নড়াইলের মূল শহর। এত দিন দুর্ভোগ পোহাতে হয়েছে সব শ্রেণির মানুষের। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালতলা গ্রামের তৃপ্তি খানম বলেন, চাঁদ আকৃতির দৃষ্টিনন্দন এ সেতুটি এখন বিনোদনকেন্দ্র হিসেবেও কাজে লাগবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করেছে। এলজিইডি সূত্র জানায়, ২৮ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৫ সালের ৩০ এপ্রিল। সেতুটি নির্মাণের সময়সীমা ২০১৭ সালের জুন পর্যন্ত। মূল সেতুর দৈর্ঘ্য ১৪১ মিটার। এর বাইরে দুই পাশে ফ্লাইওভারের মতো দেখতে ভায়াডাক্টের দৈর্ঘ্য ২৩৭ দশমিক ৫০ মিটার। সেতুর প্রস্থ ৫ দশমিক ৪৬ মিটার বা ১৮ ফুট। পানির স্তর থেকে সেতুর উচ্চতা ৭ মিটার। দুই পাশে অ্যাপ্রোচ সড়ক আছে ৪৩১ মিটার। মেসার্স এমবিইএল-ইউডিসি (জেভি) নামের ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. আবিদুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কালাম হোসেনের বাড়ি নড়াইল। নড়াইলবাসীর দীর্ঘদিনের দাবির মুখে বাস্তবায়ন হওয়া এই গুরুত্বপূর্ণ সেতুর কাজে ছিল সর্বোচ্চ আন্তরিকতা। তাই নির্ধারিত মেয়াদের আগেই কাজ শেষ হয়েছে।