নির্ধারিত সময়ের আগেই এসডিজি-৬ অর্জন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমানে দেশের ৯৮ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে। আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই।’ আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেছেন, জাতিসংঘ নির্ধারিত সময়ের অনেক আগেই বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন নিশ্চিতকরণ-সংক্রান্ত লক্ষ্য (এসডিজি-৬) অর্জন করতে পারবে।

গতকাল রোববার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এসডিজি-৬ বাস্তবায়নে আয়োজিত জাতীয় কর্মশালার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অসুস্থ থাকায় শেখ হাসিনা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

পানিসম্পদ মন্ত্রণালয় এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) ‘সবার জন্য নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা (এসডিজির লক্ষ্যমাত্রা-৬): বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এই জাতীয় কর্মশালার আয়োজন করে।

ভাষেণ প্রধানমন্ত্রী বলেন, ‘এসডিজি-৬ অর্জনেও বাংলাদেশ যাতে বিশ্বব্যাপী অনুকরণীয় দৃষ্টান্ত বা “রোল মডেল” হয়ে উঠতে পারে, তার কৌশলপত্র তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি, এমডিজির মতো এ ক্ষেত্রেও আমাদের সাফল্য অর্জিত হবে।’ তিনি আরও বলেন, সরকার জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে ইতিমধ্যে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশের ৬১ শতাংশ মানুষ পয়োনিষ্কাশন ব্যবস্থার আওতায় এসেছে। উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগের পরিমাণ বর্তমানে ১ শতাংশের নিচে (দশমিক ৮৮) নেমে এসেছে, যা ২০০৩ সালেও ছিল ৪২ শতাংশ। এ বিষয়ে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যেই এই দুই ক্ষেত্রে শতভাগ সাফল্য আসবে।

শেখ হাসিনা বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) ৮৪ শতাংশ মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮৭ শতাংশ মানুষের মধ্যে নিরাপদ পানি সরবরাহ করা হয়েছে।

কৃষিতে সেচ কিংবা শিল্পায়নসহ শহর উন্নয়নের কারণে পানির চাহিদা বেড়েই চলছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবসহ বাংলাদেশে খরায় পানির সংকট এবং বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগে অঢেল পানির অপচয়ও হচ্ছে। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে শুকনো মৌসুমে এখনই পানি দুষ্প্রাপ্য হয়ে উঠছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশেষ শ্রেণির জনগোষ্ঠী (শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়) কিংবা বিশেষ এলাকাভিত্তিক (লবণাক্ততা কিংবা আর্সেনিকযুক্ত এলাকা) বহুমুখী পরিকল্পনা নিয়ে নিরাপদ পানি ও স্বাস্থ্যকর পয়োনিষ্কাশন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।