নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে চিত্রা সেতুর নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে চিত্রা সেতুর কাজ এগিয়ে চলছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নড়াইলে চিত্রা সেতুর কাজ এগিয়ে চলছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

চিত্রা নদীর ওপর নড়াইলবাসীর স্বপ্নের সেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে। বহু আন্দোলন-সংগ্রামের ফসল এই সেতুর কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। সেতুটি চালু হলে জেলার তিন উপজেলার প্রায় সাত লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করছে। এলজিইডি সূত্র জানায়, নড়াইল শহরের পুরোনো ফেরিঘাটে ২৮ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০১৫ সালের ৩০ এপ্রিল। নির্মাণের সময়সীমা ২০১৭ সালের জুন পর্যন্ত। মূল সেতুর দৈর্ঘ্য ১৪১ মিটার। এর বাইরে দুই পাশে ফ্লাইওভারের মতো দেখতে ভায়াডাক্টের দৈর্ঘ্য ২৩৭ দশমিক ৫০ মিটার। সেতুর প্রস্থ ৫ দশমিক ৪৬ মিটার বা ১৮ ফুট। পানির স্তর থেকে সেতুর উচ্চতা ৭ মিটার। দুই পাশে অ্যাপ্রোচ সড়ক আছে ৪৩১ মিটার। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমবিইএল-ইউডিসি (জেভি) সেতুটি নির্মাণ করছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. আবিদুর রহমান বলেন, ‘আমাদের আন্তরিকতায় নির্ধারিত মেয়াদের আগেই শেষ হচ্ছে এই সেতুর কাজ।’
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কালাম হোসেনের বাড়িও নড়াইলে। তাই নড়াইলবাসীর দীর্ঘদিনের দাবির মুখে বাস্তবায়ন হওয়া গুরুত্বপূর্ণ এই সেতুর কাজে রয়েছে সর্বোচ্চ আন্তরিকতা। আগামী ২৬ মার্চের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী করতে শেষ মুহূর্তের কাজ চলছে।
নড়াইল সদরের উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. গিয়াসউদ্দিন আহমেদ বলেন, দ্রুতগতিতে যেমন কাজ এগিয়ে চলছে, তেমনি সব দিক দিয়ে ঠিকাদারের আন্তরিকতার প্রতিফলন ঘটেছে। সেতুর পাশের দোকানপাট ও বাড়িঘর বাঁচাতে এটি অনেক উঁচু করা হয়েছে। চাঁদ আকৃতির দৃষ্টিনন্দন এই সেতু সৌন্দর্যপিপাসুদের তৃষ্ণা মেটাবে।
নড়াইলের সুশাসনের জন্য প্রচার অভিযানের (সুপ্র) সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, প্রায় একযুগ ধরে এই সেতুর কাজ বাস্তবায়নের জন্য ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী ও এলাকার সাধারণ লোকজন আন্দোলন-সংগ্রাম করেছেন। সেতু না থাকায় ৮ কিলোমিটার ঘুরে নড়াইল শহরে আসতে হয়। এতে করে জেলার তিন উপজেলার শিক্ষার্থী, চাকরিজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষের দুর্ভোগ ছিল নিত্যনৈমিত্তিক।
নড়াইলের আইনজীবী শরীফ মাহাবুল করিম বলেন, সেতুটি পার হলেই নড়াইল আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানসহ নড়াইলের মূল শহর। তাই এতদিন দুর্ভোগ পোহাতে হয়েছে সব শ্রেণির মানুষের।
জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, হয়তো আগামী এপ্রিল নাগাদ সেতুটি চূড়ান্তভাবে খুলে দেওয়া সম্ভব হবে। শেখ রাসেলের নামে এই সেতুর নামকরণ হওয়ার কাজটিও প্রক্রিয়াধীন।