সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণকাজের সময়সীমা শেষ হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। কিন্তু নির্ধারিত সময়ের এক মাস পরও কাজ শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ শেষ হয়েছে বলে দাবি করলেও কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখনো অনেক বাঁধে মাটি ফেলা হচ্ছে। কাজ চলছে। এই অবস্থায় ফসল নিয়ে আতঙ্কে আছেন তাঁরা।পাউবো সূত্র জানায়, এ বছর সুনামগঞ্জের ছোট-বড় ৩৯টি হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে। স্থানীয়ভাবে গঠিত ২২৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) বাঁধ মেরামতের জন্য ১৬ কোটি এবং নতুন বাঁধ নির্মাণের জন্য ঠিকাদাররা ২০ কোটি টাকার কাজ করছেন। এই ৩৬ কোটি টাকার কাজের সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যে অর্ধেক কাজও না হওয়ায় পাউবো সময় বাড়ানোর জন্য আবেদন করে। কিন্তু সময় বাড়ানো হয়নি।সুনামগঞ্জ পাউবোর এক কর্মকর্তা বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছে, সময় বাড়ালে আমরা কাজে ঢিল দিতে পারি। তাই আমাদের চাপে রাখার জন্যই হয়তো সময় বাড়ানো হয়নি। তবে সব সময় মার্চ মাস পর্যন্ত কাজ হয়।’গত বুধবার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের পশ্চিম পাড়ে গিয়ে দেখা যায়, এই হাওরের ফসল রক্ষায় রাধানগর গ্রামের পাশে হরিমনের বাঁধে এখনো মাটি ফেলার কাজ চলছে। ৩০ জন শ্রমিক কাজ করছেন। শ্রমিকেরা জানান, তাঁরা কাজ শুরু করেছেন দেরিতে, তাই কাজে সময় লাগছে বেশি। এই বাঁধে সাড়ে ৩৭ লাখ টাকার কাজ করছেন ঠিকাদার আবদুল হাই। তিনি বলেন, ‘১০০ শ্রমিক টানা কাজ করছেন। চার-পাঁচ দিনের মধ্যেই কাজ শেষ করে ফেলব। প্রথম দিকে মাটি পেতে সমস্যা হওয়ায় কাজ কিছুটা দেরিতে শুরু হয়েছে।’স্থানীয় রাধানগর গ্রামের কৃষক সমরুজ আলী (৬৭) বলেন, ‘আগে বাঁধ দিলে মাটি শক্ত অইত। এখন পানি আইবার সময় মাটি ফালাইতাছে। আমরা বাঁধের ওপরে না, আল্লাহর ওপর ভরসা কইরা আছি।’রায়পুর গ্রামের অখিল বর্মণ (৫৫) বলেন, ‘এ পর্যন্ত শুনিনি হাওরে কোনো বছর বাঁধের কাজ সময়মতো শেষ হয়েছে। বুঝতে পারি না, এটা কেন হয় না। নাকি ঠিকাদার ও পাউবোর কর্মকর্তা পানির জন্য অপেক্ষা করেন।’ ২০১০ সালের ফসলডুবির কথা সঞ্চরণ করিয়ে দিয়ে বিশ্বম্ভরপুর গ্রামের আখলু মিয়া বলেন, ‘সে বছর তো এই সময় সুনামগঞ্জের সকল হাওরের কাঁচা ফসল পানির নিচে ছিল। আর এইবার এখনো বাঁধের কাজ চলছে। ফসল গেলেই শুনি আগামী বছর সময়ের আগেই বাঁধ হবে। কিন্তু ঠিক সময় বাঁধ আর হয় না।’জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ জানিয়েছেন, তাঁর উপজেলার বড় ধানের হাওর হচ্ছে হালির হাওর ও পাগনার হাওর। এই দুটি হাওরে বাঁধের কাজ হয়েছে বড়জোর ৭০ থেকে ৮০ ভাগ। হালির হাওরের রাজদৌড় থেকে রামজীবনপুর গ্রাম পর্যন্ত এখনো কোনো মাটি ফেলা হয়নি। তিনি বলেন, ‘পাউবো যে কাজের হিসাব দেয়, সেটি শুধু কাগজেপত্রে। আর আমরা বলি মাঠের কথা। এই দুই হাওরে কাজ শেষ হতে আরও কমপক্ষে ১৫ দিন লাগবে।’শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনিমোহন তালুকদার বলেন, ‘আমি হাওর ঘুরে দেখেছি, বরাদ্দের তুলনায় কাজ কম হয়েছে। আমার উপজেলায় কাজ শেষ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।’ হাওর ঘুরে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হকের মনে হয়েছে পিআইসি, ঠিকাদার এবং পাউবোর কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। তিনি বলেন, ‘আমরা দ্রুত কাজ শেষ করার জন্য তাগাদা দিচ্ছি। এ জন্য পাউবোর কর্মকর্তাদের আরও কঠোর হতে হবে।’ফসল রক্ষা বাঁধের সার্বিক বিষয়ে জানতে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। অফিস থেকে জানানো হয় তিনি সিলেটে আছেন। তবে উপবিভাগীয় প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন বলেছেন, ‘আমরা বলব বাঁধের কাজ প্রায় শেষ। এখন যেটা হচ্ছে সেটা টুকটাক কাজ।’ শতভাগ কাজ শেষ বলা যায় কি না—জানতে চাইলে মোসলেহ উদ্দিন বলেন, ‘এটি নির্বাহী প্রকৌশলী বললে ভালো হয়, আমার বলা ঠিক হবে না।’