নির্ধারিত সময়ের পর ময়লা ফেললে দণ্ড: চট্টগ্রামের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ জ ম নাছির উদ্দীন। ছবি: সৌরভ দাশ
আ জ ম নাছির উদ্দীন। ছবি: সৌরভ দাশ

নির্ধারিত সময়ের বাইরে ময়লা-আবর্জনা ফেললে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে জেল-জরিমানা ও মামলা করা হবে। আগামী বছরের প্রথম দিন থেকে তা কার্যকর করা হবে বলে জানান মেয়র।
আজ সোমবার সকালে মেয়রের দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচ্ছন্ন নগর গড়তে এই পদক্ষেপের কথা জানান আ জ ম নাছির উদ্দীন। সংবাদ সম্মেলনে মেয়র লিখিত বক্তব্যে তাঁর প্রথম ১০০ দিনে সম্পাদিত বিভিন্ন উন্নয়ন ও সেবা কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়ার বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ১ সেপ্টেম্বর থেকে দিনের পরিবর্তে রাতের বেলায় ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে। সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়ে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এরপরও অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের বাইরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে যারাই এই কাজ করবে, তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের অভাবে কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এই সেবা প্রদানে যেসব বাধা রয়েছে, তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে দূর করা হবে। ৮ ডিসেম্বর সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় বৈঠক হবে বলে জানান মেয়র।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, নগর পুলিশ, জেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ডসহ এমন কয়েকটি প্রতিষ্ঠান।

নগরের যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন, নগরের অনেক রাস্তাঘাট ও মোড় রয়েছে যেখানে যানজট হওয়ার কথা নয়। কিন্তু যানজট হচ্ছে। যানজট নিরসনের জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে।

নগরের জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে মেয়র বলেন, নগরের ভরাট ও দখল হয়ে সব বড় নালা ও খালের মাটি উত্তোলন ও পরিষ্কার করার জন্য জরিপ কাজ চলছে। খাল ও নালা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের ১০-১৫ দিন সময় দেওয়া হবে। এরপরও সরিয়ে না নিলে তা অপসারণ করা হবে। আর দখলদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।