প্রায় দেড় হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি
নির্ধারিত সময়ের ৪০ মাস পর ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র চালু
নির্ধারিত সময়ের প্রায় ৪০ মাস পর সরকারি খাতের ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট গত সপ্তাহে চালু হয়েছে। স্থাপনের কাজ নির্ধারিত সময়ে শেষ হলেও সরকারের সঙ্গে মাত্র ৩০ কোটি টাকার শুল্ক ও রাজস্ব নিয়ে মতান্তরের কারণে চীনা ঠিকাদার হারবিন পাওয়ার ইঞ্জিনিয়ারিং কেন্দ্রটি বন্ধ করে রেখেছিল।৩৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি এত দিন বন্ধ থাকায় সরকারের প্রায় দেড় হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কেন্দ্রটি স্থাপনের কাজ চুক্তি অনুযায়ী দুই বছরের মধ্যে, ২০০৮ সালের জানুয়ারি মাসেই শেষ হয়েছিল।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে দুই পক্ষের মধ্যে অনেক আলাপ-আলোচনা হয়েছে। কিন্তু মতানৈক্যের অবসান না হওয়ায় কেন্দ্রটি বন্ধই ছিল। মাস দুয়েক আগে সমঝোতা হওয়ায় হারবিন কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রের বিদ্যুৎ বিক্রি করে প্রতি মাসে সরকারের প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আয় হতো। সে হিসাবে ৪০ মাস বন্ধ রাখায় সরকারের প্রায় দেড় হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।কেন্দ্রটি সম্পূর্ণ চালুর বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, প্রথম ইউনিটটি চালু হয়েছে। দ্বিতীয় ইউনিটটি চালু হবে আগামী (জুন) মাসে। আগামী আগস্ট মাসে চালু হবে তৃতীয় ইউনিটটি। এক প্রশ্নের জবাবে বিদ্যুৎসচিব বলেন, হারবিনের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে আর কোনো সমস্যা নেই। এখন পর্যায়ক্রমে তাঁরা তিনটি ইউনিটই চালু করবেন।চালু হয়েই সংকট: কম্বাইন্ড সাইকেল কেন্দ্রটি স্থাপনের ব্যাপারে সরকারের পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও হারবিনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি কার্যকর হয় ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি। চুক্তি অনুযায়ী ২০০৮ সালের ৪ জানুয়ারি কেন্দ্রটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু গ্যাস বুস্টার স্থাপনের জায়গা হস্তান্তরে পিডিবি বিলম্ব করায় এবং কেন্দ্রটিতে ব্যবহূত গ্যাসের তাপ ঠিক না থাকায় প্রথম ইউনিট চালু হয় ওই বছরের ১৬ সেপ্টেম্বর। কিন্তু এর কয়েক মাস পরই আর্থিক বিরোধের কারণে হারবিন কেন্দ্রটি বন্ধ করে দেয়।২০০৮ সালের ডিসেম্বর মাসে দ্বিতীয় এবং ২০০৯-এর মার্চে তৃতীয় ইউনিট চালু হওয়ার কথা ছিল।আর্থিক লেনদেনের সমস্যা: সরকারি খাতে স্থাপিত সব বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আমদানির যাবতীয় শুল্ক ও কর পরিশোধ করে সরকার তথা পিডিবি। ওই কেন্দ্রটির ক্ষেত্রে তা নেওয়া হয়েছিল ঠিকাদারের কাছ থেকে। এর অঙ্ক প্রায় ৩০ কোটি টাকা। এ সম্পর্কে ঠিকাদার হারবিন অভিযোগ করলে পিডিবি ‘ভুল স্বীকার করে’ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন দরকার ছিল। তাদের সিদ্ধান্ত পেতে অনেক বিলম্ব হয়। ইতিমধ্যে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকারের সঙ্গে হারবিনের মতান্তর হয়। হারবিনের নির্মিত টঙ্গীর কেন্দ্রের ত্রুটি মেরামতের ব্যাপারে সরকারের সব কথা না মানায় তাদের চাঁদপুরের ১৫০ মেগাওয়াট কেন্দ্রের কাজ দেওয়া বিলম্বিত করা হয়। ২০০৯ সালের নভেম্বরে ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র ছেড়ে চলে যায় হারবিনের লোকজন।স্থানীয় এজেন্ট পরিবর্তন: সরকারি-বেসরকারি সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঠিকাদার হারবিন তাদের স্থানীয় এজেন্ট খাদিজা ইসলামকে তাদের হয়ে কাজ করতে নিষেধ করে। পরিবর্তে সরকারি দলের দুজন প্রভাবশালী নেতাকে তারা স্থানীয় এজেন্ট নিয়োগ করে। নতুন এজেন্ট সরকারি পর্যায়ে দেনদরবার করে হারবিনের টাকা আদায় করে দেয়।এরপর হারবিন দাবি তোলে, টঙ্গী বিদ্যুৎকেন্দ্রের কাজের পাওনা এবং চাঁদপুর কেন্দ্র নির্মাণের কাজ পেতে দেওয়া ব্যাংক গ্যারান্টির টাকাও ফেরত দিতে হবে। না হলে তারা ফেঞ্চুগঞ্জ কেন্দ্র চালু করবে না। কিন্তু একপর্যায়ে হারবিন সরকারের ইচ্ছানুযায়ী আগে ফেঞ্চুগঞ্জ কেন্দ্রটি চালু করতে রাজি হয়। সূত্রগুলো জানায়, ফেঞ্চুগঞ্জ কেন্দ্রটি সম্পূর্ণ চালু করার পথে একেকটি ধাপ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সরকারও হারবিনের পাওনা পরিশোধের ব্যাপারে একেক ধাপ অগ্রসর হবে—এই সমঝোতায় বিদ্যুৎকেন্দ্রটির ১ নম্বর ইউনিট চালু করা হয়েছে।