নোয়াখালীর সেনবাগের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির বর্ধিত সভা পুলিশের বাধায় হতে পারেনি বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বেলা তিনটায় উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে ওই সভা হওয়ার কথা ছিল। পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি জয়নুল আবদিন ফারুকের ইয়ারপুর গ্রামের বাড়িতে সভা হয়।
দলীয় সূত্র জানায়, সভা উপলক্ষে গতকাল সকাল থেকে নেতা-কর্মীরা ছমিরমুন্সিরহাটের ‘ড্রিম’ কমিউনিটি সেন্টারে জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ থানা-পুলিশের একটি দল সেখানে গিয়ে নেতা-কর্মীদের চলে যেতে বলেন। যে কারণে বর্ধিত সভা করা যায়নি।
জয়নুল আবদিন ফারুক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সভা না করতে দেওয়ার বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মুঠোফোনে জানতে চান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী। ওসি তাঁকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে সভা করা যাবে না। পরে তিনি নিজে ওসিকে বেশ কয়েকবার ফোন করেন। কিন্তু ওসি ফোন ধরেননি। পরে তাঁর বাড়িতে সভা হয় বলে জানান জয়নুল আবদিন ফারুক।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সেনবাগ বিএনপিতে দুটি পক্ষ রয়েছে। পুলিশের কাছে খবর ছিল, একপক্ষ সভা করলে অপরপক্ষও সেখানে সভা করতে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় সেখানে সভা করতে নিষেধ করা হয়েছে।