নির্বাক এই শিশুটি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স আনুমানিক দুই বছর। মুখে কথা নেই। কেউ সামনে গেলেই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। দৃষ্টিতে যেন মা-বাবাকে ফিরে পাওয়ার আকুতি। নির্বাক এই শিশুটির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে সে আছে নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের সুতালরীকান্দা গ্রামের হারুন মিয়ার (২৫) তত্ত্বাবধানে।

কয়েক দিন আগে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার একটি ফুটপাত থেকে কান্নারত শিশুটিকে নিয়ে যান হারুনের ছোট ভাই কামাল মিয়া। মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ডবয়ের কাজ করেন তিনি। পরে স্থানীয় লোকজনের পরামর্শে কামাল শিশুটিকে নিজ বাড়ি মনোহরদীতে তাঁর পরিবারের কাছে নিয়ে যান।

ছোট ভাই কামালের বরাত দিয়ে হারুন মিয়া প্রথম আলোকে বলেন, ‘কামাল ওই দিন (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটা পর্যন্ত শিশুটির অভিভাবকের জন্য অপেক্ষা করেও তাঁদের সন্ধান পাননি। পরে শিশুটিকে গ্রামের বাড়িতে আমাদের কাছে দিয়ে যান।’

এ ব্যাপারে মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটিকে নিজের কাছে রেখেছেন বলে জানালেন হারুন মিয়া। তিনি আরও বলেন, ‘আমরা চাই শিশুটি তার আসল পরিবারের কাছে ফিরে যাক। আমরা তাকে সন্তানের মতো লালন করছি। কিন্তু সে যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে তার মা-বাবা নিশ্চয়ই খোঁজ করছেন। আর যদি ফেলে গিয়ে থাকেন, তাহলে শিশুটিকে আমাদের কাছে রাখতে কোনো আপত্তি নেই।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটিকে কেউ চিনতে পারলে উপযুক্ত প্রমাণ সহকারে ০১৭১৯-২২১৮৪১ এবং ০১৯২৪-০০৬৭৯১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।