নির্বাক ছেলেটিও মারা গেলেন
চোখের সামনেই বাবা বিল্লাল হোসেন (৬০) ও ছোট ভাই পাভেল মিয়াকে হত্যা করার দৃশ্য দেখেছেন শয্যাশায়ী কিরণ মিয়া (২৬)। সে সময় খুনিরা তাঁকে মারতে উদ্যত হলে তিনি বলেছিলেন, ‘আমি আর বেশি দিন বাঁচতাম না। আমারে এইবায় মারিস না।’ সেই কিরণ গত শনিবার রাতে মারা গেছেন।
কিরণ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের বাসিন্দা। কিরণের আত্মীয়স্বজন ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে কিরণকে বাড়িতে শুয়ে-বসে দিন কাটাতে হতো। বাবা বিল্লাল ও ভাই পাভেলকে তাঁর চোখের সামনেই ৩ জুলাই নৃশংসভাবে হত্যা করে খুনিরা। পরে তাঁর আরও দুই ভাই ফরিদ ও হিমেলকে রাস্তায় ফেলে তারা হত্যা করে। ঘটনার পর থেকে মামার বাড়ির লোকজন কিরণসহ পরিবারের বেঁচে থাকা তিন সদস্যকে সরিয়ে নেয়। কিরণের ফুফু কোকিলা বলেন, কিরণ তিন-চার বছর ধরে শয্যাশায়ী। ছেলেকে সুস্থ করে তোলার জন্য বিল্লাল যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু কিরণের শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকেরা বলেছেন, কিরণ ক্যানসারে আক্রান্ত।
কিরণের মামা করিম নেওয়াজ বলেন, ‘খুনের ঘটনার পর থেকে কিরণ শুধু তাঁকে বলত, “মামু আমার সামনে বাবা আর ভাইরে কোপাইয়া মারছে। আমি কিছু করতাম পারলাম না। ” ঘটনার পর থেকে কিরণ শুধু রাস্তার পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত।’ ওই হত্যার ঘটনা থেকে বেঁচে যাওয়া কিরণের ভাই রুবেল মিয়া (৩২) ও বোন স্কুলছাত্রী মুক্তা (১৩) এখনো স্বাভাবিক হতে পারছে না। কিরণ মারা যাওয়ার পর তাঁর মা বানেছা আক্তারকে গতকাল রোববার হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। কিন্তু বাড়িতে আসার পর তাঁকে স্বামী ও সন্তানদের দেখার জন্য বারবার আকুতি জানাতে দেখা যায়।