গত ৫ জানুয়ারির নির্বাচনকে ‘অতীত’ আখ্যায়িত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশকে সামনে তাকানোর পরামর্শ দিয়েছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠকে এ মন্তব্য করেন ডেভিড ক্যামেরন। গার্ল সামিট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরত আসা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহমুদ আলী এ তথ্য জানান।
তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশে ২০১৪ সালের নির্বাচনে অর্ধেকের বেশী সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় র্নির্বাচিত হওয়ায় ডেভিড ক্যামেরুন হতাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অংশগ্রহণ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল একটি উদার গণতান্ত্রিক পরিবেশের গুরুত্বের ব্যাপারে দুই প্রধানমন্ত্রী একমত পোষণ করেন।
ডেভিড ক্যামেরনকে উদ্ধৃত করে মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন এখন অতীত। ভবিষ্যতের দিকে তাকাতে হবে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে চায়। যুক্তরাজ্য সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে।’
বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যের অবস্থান ‘স্পষ্ট’ হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই, দিনের আলোর মতো পরিষ্কার। তিনি (ক্যামেরন) বলেছেন, ‘ইলেকশন ইজ ওভার। ইট ইজ পাস্ট। নাউ উই লুক টু দ্য ফিউচার। (নির্বাচন হয়ে গেছে। এটা এখন অতীত। আমরা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চাই।)’