বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তা না হলে বর্তমান সরকারকে বিতাড়ন করতে বাধ্য করা হবে। গত বুধবার ঈদের দিন লেডিস ক্লাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।বিরোধীদলীয় নেতা বলেন, আন্দোলনের জন্য সারা দেশ প্রস্তুত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন চান।খালেদা জিয়া প্রথমে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নিজের দলের নেতা-কর্মীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।বিএনপির চেয়ারপারসন বলেন, সংবিধানে যেকোনো ধরনের পরিবর্তনই আনা হোক না কেন, ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন দেওয়া চলবে না। অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এর অন্যথা হলে দেশে কোনো নির্বাচনই হবে না। তাতে সরকারকে পদত্যাগ করতে হবে।খালেদা জিয়া বলেন, ঈদের পরই সরকারবিরোধী আন্দোলন শুরু করা হবে। তাঁর ভাষায় ‘অত্যাচারী’ সরকারকে হঠাতে দেশের মানুষকে ওই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।বিরোধী দলের নেতা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য এ আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে না। বরং দেশকে রক্ষার লক্ষ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এ আন্দোলন করা হবে।খালেদা জিয়া অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী, সাংসদসহ নেতা-কর্মীরা লুটতরাজে জড়িত। অথচ সরকার তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বরং তাঁদের মদদ দিচ্ছে। উইকলি দ্য ইকোনমিস্ট-এর সাম্প্রতিক সময়ের প্রতিবেদনের বরাত দিয়ে খালেদা জিয়া বলেন, ক্ষমতাসীন দল কীভাবে জনগণের ভোট ছাড়াই বিদেশি অর্থ ও মইনউদ্দিন-ফখরুদ্দীনের সঙ্গে বোঝাপড়া করে ক্ষমতায় এসেছে, সেই গোপন তথ্য এসব প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, যাঁরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ওই সময় অর্থ ঢেলেছেন, এখন বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে নিচ্ছেন।খালেদা জিয়া বলেন, বাংলাদেশের জনগণ সব দেশের সঙ্গে সাম্য ও মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক ও বন্ধুত্ব চায়। তিনি বলেন, ভারতের কাছ থেকে বাংলাদেশ কিছুই পাচ্ছে না বরং সবকিছু হারাচ্ছে। বাংলাদেশ অবশ্যই ভারতকে কিছু দেবে, বিনিময়ে কিছু পাবে।সারা দেশে বেহাল সড়কের কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহত হওয়ার ব্যাপারে কথা বলেন তিনি। খালেদা জিয়া দাবি করেন, বিএনপির সরকার বহু সড়ক নির্মাণ করেছে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণও করেছে। কিন্তু বর্তমান সরকার এসব সড়কের কোনো তদারকি করেনি।