আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার হ্রাসের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার নেই বললেই চলে।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে পাঁচ ধাপের উপজেলা নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, আর কীভাবে কারচুপি হলে বলবেন নির্বাচন সুষ্ঠু হয়নি? জবাবে মন্ত্রী বলেন, সরকার কেন নির্বাচন খারাপ করবে? তাতে সরকারেরই ক্ষতি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনের শুরুটা ভালো হয়েছে। শেষটাও ভালো হয়েছে। শেষটায় তেমন কোনো সহিংসতা হয়নি। তিনি আরও বলেন, ‘জনপ্রিয়তা সব সময় এক রকম থাকে না। ওঠানামা করে। আমরা তাই শেষ ধাপে জিতে গেছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘বহু মন্ত্রীর এলাকায় আমাদের প্রার্থী হেরে গেছে। পীরগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে। গোপালগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। অথচ বগুড়ার একটি আসনেও আমরা জয়লাভ করতে পারিনি।’
যোগাযোগমন্ত্রী অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির নেতারা ভিত্তিহীন ও কুৎসিত মিথ্যাচারে লিপ্ত হয়েছিলেন। নির্বাচনে কারচুপি হলে তাঁরা ১৬৪টি উপজেলায় জিততে পারতেন না। আরেকবার প্রমাণিত হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। তিনি আরও বলেন, দেশবাসী বিএনপি-জামায়াত জোটের সেই দুঃশাসনের রাজত্বে ফিরে যেতে চায় না। জনগণের প্রত্যাশা অনুযায়ী শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও প্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যাব।
ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচনে তৃণমূলে আমাদের সাংগঠনিক শক্তি সম্পর্কে ধারণা পেয়েছি। শতভাগ সফলতা না আসার কারণসমূহ চিহ্নিত করে প্রতিবন্ধকতাসমূহ অপসারণ করা সম্ভব হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে যাতে এগুলোর পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য পদক্ষেপ নেওয়া সহজ হবে।
সংবাদ সম্মেলনে দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুল মান্নান খান, আবদুস সোবহান গোলাপ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ ও ফরিদুন্নাহার লাইলি উপস্থিত ছিলেন।