নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা চলছে। তবে এ পর্যায় পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসাহ, উদ্দীপনার মধ্যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এ জন্য তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদও জানিয়েছেন।
সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি প্রার্থী ও তাঁদের সমর্থকদের নির্বাচনে জনগণের রায় বা ফলাফল মেনে গণতান্ত্রিক মূল্যবোধ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। নির্বাচন পরবর্তী সময়েও সব ধরনের সহযোগিতা কামনা করেন।
ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘আমি ও আমার কয়েকজন সহকর্মী কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। এ সময় ভোটগ্রহণ কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট, সাধারণ ভোটারদের অনেকের সঙ্গে কথা বলেছি। সাধারণ ভোটারদের কাছে জানতে চেয়েছি ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়েছে কি না। ভোট দিতে আসতে কেউ ভয়ভীতি দেখিয়েছে কি না তাও জানতে চেয়েছি। কেউ কোনো অভিযোগের কথা জানাননি। কয়েকটি দেশের কূটনীতিকেরাও তাঁদের মতামতে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে বলেছেন। বিভিন্ন গণমাধ্যমে তা প্রচারও হয়েছে।’
সিইসি বলেন, তিনটি সিটি করপোরেশনে একসঙ্গে ভোটগ্রহণ একটি বিশাল কর্মযজ্ঞের ব্যাপার। ত্বরিত হস্তক্ষেপের কারণে বেশির ভাগ কেন্দ্রে অনভিপ্রেত ঘটনা ঘটেনি। কতিপয় কেন্দ্রে অনভিপ্রেত ঘটনার খবর পেয়েছি। দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি কেন্দ্রের পরিস্থিতি প্রিসাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে নির্বাচনের পরে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গোলযোগের কারণে আরও কয়েকটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সিইসি বলেন, ‘নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা এবং শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও একদিন মোতায়েন রাখা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকার জন্য নির্দেশ দিচ্ছি।’
কমিশনের ব্যর্থতার কারণেই কয়েকজন বিএনপি প্রার্থীসহ আরেক মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকির নির্বাচন নিয়ে অনাস্থা জ্ঞাপন কি না গণমাধ্যমকর্মীদের এ ধরনের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমাদের কাছে এ পর্যন্ত নির্বাচন বর্জনের ব্যাপারে কেউ দরখাস্ত করেননি। এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। যেসব কেন্দ্রে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেসব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া এ নির্বাচন রাজনৈতিক নয়, এটি প্রার্থী ভিত্তিক নির্বাচন।’
তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হলেও ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীকে কেনো ডাকা হলো না এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘কেন্দ্র বন্ধ করা আর সেনাবাহিনী তলবের মধ্যে ডিফারেন্স আছে। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণ করতে না পালে সেনাবাহিনী তলব করা হয়।’
সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া এবারের যে নির্বাচন অনুষ্ঠিত হলো তা নিয়ে সিইসি হিসেবে ‘হ্যাপি’ কি না এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘নির্বাচন শেষ হয়নি। ভোট গণনার পর অনেক হামলার শিকার হতে হয়। নির্বাচন শেষেই ফাইনালি বলা যাবে।’
ভোটগ্রহণের সময় গণমাধ্যমকর্মীরাও পুলিশের কারণে দায়িত্ব পালন করেননি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি জানান, এ ধরনের অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ধরনের নির্দেশের পরও কাজ হয়নি সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হলে সিইসি বলেন, ‘আবারও অভিযোগ দেন। অভিযোগ দিলে আমরা অ্যাকশন নেব। হোয়াই নট? ’