নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: শামীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত শামীম ওসমান স্বীকার করেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।গতকাল সোমবার চাষাঢ়ায় তাঁর পৈতৃক বাড়ি হীরা মহলে সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ কথা বলেন। এর আগে ভোটের দিন বিকেলে সংবাদ সম্মেলন করে শামীম ওসমান অভিযোগ করেছিলেন, ‘এ সাজানো। আগে যদি বুঝতাম, এ রকম সাজানো নির্বাচন হবে, তাহলে অংশ নিতাম না।’ অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেছেন, নির্বাচন নিয়ে বিভিন্ন সময় তিনি যেসব মন্তব্য করেছেন, তা সঠিক ছিল না। তাই সেসব বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘নির্বাচনের সময় নানা ধরনের খবর আসতে থাকে। অনেক সময় এগুলোর সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব হয় না। এ জন্য এটা হয়েছে। আমি সঠিক সময়ে সঠিক কথা বলতে পারিনি। তাই আগের দেওয়া বক্তব্য আপাতত প্রত্যাহার করছি।’শামীম ওসমানের নির্বাচনের আগে অভিযোগ করেছিলেন, ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। জঙ্গি হামলার আশঙ্কার কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর কাছে এর সপক্ষে প্রমাণও আছে। এসব প্রমাণ কেন প্রকাশ করছেন না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পরাজিত এই প্রার্থী বলেন, ‘অজু করার সময় মধ্যপুকুরে ওগুলো পড়ে হারিয়ে গেছে।’ শামীম ওসমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হয়েছেন। আইভী চাইলে সব ধরনের সহযোগিতা দিয়ে নারায়ণগঞ্জবাসীর কাজে তাঁর পাশে থাকতে চাই।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নে আমার কিছু স্বপ্ন আছে। অন্য প্রার্থীদেরও স্বপ্ন আছে। সবার ভালো উদ্যোগগুলো বাস্তবায়িত হলে সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।’নবনির্বাচিত মেয়র আইভীকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘যাঁকে ছোট বোন বলে ডেকেছি, ওনাকে অভিনন্দন জানাচ্ছি। দোয়া করছি, আল্লাহ তাআলা তাঁকে সেই ক্ষমতা দেবেন, যেন নারায়ণগঞ্জবাসীকে দেওয়া প্রতিশ্রুতি তিনি পূরণ করতে পারেন।’ তিনি বলেন, ‘আমি রাজনীতিতে আছি, থাকব। জনগণের সেবা করব। এই পরাজয় কোনো প্রভাব ফেলবে না। রাজনীতি হলো ঢেউয়ের মতো। উত্থান-পতন আছে।’শামীম বলেন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হয়েছেন। তাঁরা প্রমাণ করেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। সদিচ্ছা থাকলে সবকিছুই সুন্দর করা যায়।শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু কোনো কোনো গণমাধ্যমে আমাকে খারাপ বলতে গিয়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এটা ঠিক নয়। নারায়ণগঞ্জ শান্তির জনপদ।’ তিনি বলেন, ‘কারও সঙ্গে খারাপ আচরণ করলে তার জন্য দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চাইছি। নতুন মেয়রকে অনুরোধ করব, তিনি যেন কারও সঙ্গে খারাপ ব্যবহার না করেন। তিনি তো আমারও মেয়র।’এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আইভীর বিজয় সেলিব্রেট করছি।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার পেছনে আর লাগবেন না। আমি শান্তিমতো রাজনীতি করতে চাই। তা ছাড়া আপনাদের মিশনও তো শেষ হয়েছে।’