নির্বাচন অবাধ হয়েছে: ওআইসি মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সফররত মহাসচিব আয়াদ আমিন মাদানি ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে বলেছেন, নির্বাচন অবাধ হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ৫৭ জাতির সংস্থাটি কাজ করে যাবে।

আজ রোববার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকে ওআইসির সফররত মহাসচিব আয়াদ আমিন মাদানি এ অভিমত তুলে ধরেন। বৈঠকের পর পররাষ্ট্রসচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

ওআইসি মহাসচিব জানিয়েছেন, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সমস্যার দ্রুত সমাধান চায় ওআইসি। এ প্রক্রিয়ায় মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর সমস্যা সমাধানে ওআইসি বাংলাদেশের সহযোগিতা চেয়েছে।

চার দিনের সফরে ওআইসির দশম মহাসচিব আয়াদ আমিন মাদানি ভোরে ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করেন।

ওআইসি নিয়ে বাংলাদেশের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে জানতে ঢাকা সফর করছেন বলে আমিন মাদানি সাংবাদিকদের জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে ওআইসির মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাবেক সৌদি মন্ত্রী ইতিমধ্যেই মিসর, সংযুক্ত আরব ও আজারবাইজান সফর করেছেন। আগামী বছর শেষ হতে যাচ্ছে ওআইসির ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা। এ প্রেক্ষাপটে আগামী দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার আগে সদস্য দেশগুলোর মতামত নেওয়ার অংশ হিসেবে আয়াদ আমিন মাদানি বাংলাদেশ সফর করছেন।

বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিন মাদানি বলেন, কোনো সদস্য দেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয় না ওআইসি। তবে আদর্শিকভাবে মুসলিম বিশ্ব এ মুহূর্তে দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এর একটি হচ্ছে শিয়া-সুন্নি সহিংসতা। সদস্য হিসেবে মুসলিম দেশগুলোর এই সহিংসতার বিরুদ্ধে লড়তে হবে। ওআইসিকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘আমরা তাদের হাতে ইসলামকে হাইজ্যাক হতে দিতে পারি না। কারণ ইসলাম সহনশীলতা, শান্তিপূর্ণ সমৃদ্ধির সহাবস্থান, বিজ্ঞানভিত্তিক মুক্তচিন্তার ধর্ম। তাদের সংকীর্ণ চিন্তার জঙ্গিবাদের কাছে আমরা নিজেদের পরাজিত হতে দিতে পারি না।’