নির্বাচন আগের তিনটির চেয়ে শান্তিপূর্ণ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম দাবি করেছেন, আগের তিন পর্বের চেয়ে গতকালের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর ও শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ জন্য তিনি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।
উপজেলা পরিষদের চতুর্থ পর্বের নির্বাচন শেষে গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন এইচ টি ইমাম। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, এবার খুব একটা ঘটনাবহুল কিছু হয়নি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আগে আপনারা বলেছিলেন, তৃতীয় দফায় অনেক সংঘর্ষ হয়েছে। কিন্তু দেখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকা সত্ত্বেও সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে জটলা দেখেছে, হাঙ্গামা দেখেছে, সেখানে তারা ব্যবস্থা নিয়েছে।’
সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি, গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।
‘উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের মহোৎসব চলছে’—বিএনপির এ অভিযোগ সম্পর্কে এইচ টি ইমাম বলেন, বিএনপি পেশাদারি মিথ্যাচার করছে। তাদের অভিযোগ এখন ‘চ্যাটার বক্সের’ (বাচাল) মতো। কাজ নেই অফিসে বসে অনর্গল মিথ্যা কথা বলে।
এইচ টি ইমাম অভিযোগ করেন, রাজশাহী ও রংপুর বিভাগের কোনো উপজেলায় সহিংসতা বা ভোট দখলের মতো কোনো ঘটনা ঘটেনি। তবে চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার দৌলতপুর, সাতক্ষীরার কলোরোয়া, পিরোজপুরের জিয়ানগর, সিলেটের আজমিরীগঞ্জ, চাঁদপুরের শাহরাস্তি, কুমিল্লার মেঘনা এলাকায় সংখ্যালঘুদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব হাঙ্গামার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।