নির্বাচন আর যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে এক করা যাবে না: সিপিবি-বাসদ
নির্বাচনের পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের মধ্যে ভিন্ন মত থাকলেও যুদ্ধাপরাধীদের বিচার ইস্যু ও মুক্তিযুদ্ধ প্রশ্নে সবার মধ্যে মতৈক্য থাকতে হবে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দল দুটির নেতারা বলেছেন, ‘নির্বাচন আর যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে এক করা যাবে না।’
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বিবৃতিতে বলেন, ‘নির্বাচনকালীন সময়ের জন্য একটি স্থায়ী ও স্থিতিশীল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য “ভোটের সংখ্যানুপাতিক আসন বণ্টন” ব্যবস্থা প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এবং নির্বাচন ব্যবস্থাকে টাকার খেলা, পেশি শক্তির দাপট, সাম্প্রদায়িক প্রচারণা, প্রশাসনিক কারসাজি থেকে মুক্ত করতে হবে।’
দল দুটি মনে করে, সংঘাত-সংঘর্ষ ও রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত থাকায় দেশ ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। ‘চরম দুর্ভোগ ও বিপদ’ থেকে দেশবাসী মুক্তি চায়। দেশবাসী ‘চর দখলের কায়দায় এ ধরনের আদর্শহীন, রুগণ রাজনীতি’ আর সহ্য করবে না।
সহিংস বিরোধের আত্মঘাতী পথ পরিহার করে, গণতান্ত্রিক সহনশীলতা ও সমঝোতার পথে আসার জন্য আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি-বাসদ নেতারা ।
তাঁরা আরও বলেন, আদর্শ-বর্জিত ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সংঘাত একদিকে আওয়ামী লীগকে ‘প্রচণ্ড দমন-পীড়ন এবং স্বৈরতান্ত্রিক প্রবণতার অন্ধকারের’ দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপিকে উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র জিম্মি করে ফেলছে। ফলে দেশের গণতন্ত্র বিপদের সম্মুখীন এবং স্বাধীনতা ও যুক্তিযুদ্ধ হুমকির মুখে পড়েছে। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচাল হওয়ার বিপদ সৃষ্টি হচ্ছে। নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানের সুযোগে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র সহিংসতা চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে নেতারা ‘যুদ্ধাপরাধী ঘাতকদের দল জামায়াত ইসলামী ও তাদের দোসর শিবিরসহ স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক ফ্যাসিস্ট দল ও শক্তি নিষিদ্ধ এবং তাদের অর্থের উত্স, যোগাযোগ নেটওয়ার্ক, রিক্রুটমেন্ট ব্যবস্থা, ক্যাডার বাহিনীর কাঠামো ও নেতাদের কেন্দ্র নিশ্ছিন্ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।’