নির্বাচন উপলক্ষে ছুটি, যান চলাচলে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ কথা জানানো হয়। অপর এক বিজ্ঞপ্তিতে ২৮ এপ্রিল সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অধ্যাদেশের ৮৮ ধারার ক্ষমতাবলে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন মিয়া এই নিষেধাজ্ঞা জারি করেছেন।
তবে এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে পরিচয়পত্র থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল করা হবে। তা ছাড়া নির্বাচনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই আদেশের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিযুক্ত যানবাহন।এ ছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।
সাধারণ ছুটি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২৮ এপ্রিল নির্বাচনের দিন সাধারণ ছুটির কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত ব্যক্তিরা যেন ভোট দিতে পারেন, সে জন্য নির্বাচন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে করপোরেশন এলাকায় কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে ওই পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।