বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন আগামী ২৬ জুন একযোগে হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। ফলে জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের কার্যক্রম স্থগিত রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিলে একযোগে নির্বাচন হতে পারে। না হলে গঠনতন্ত্র অনুসারে কেন্দ্রীয় কমান্ডের নির্বাচনের পর নির্বাচিতদের অধীনে জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন হবে। বর্তমানে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। আগামী ৩ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের কার্যক্রম স্থগিত রয়েছে।জানা গেছে, গত ১৮ এপ্রিল কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু সংগঠনের গঠনতন্ত্র, নির্বাচনী নির্দেশনা (গাইডলাইন) ও ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট করা হয়। প্রথম রিটের যুক্তি ছিল, নির্বাচনী নির্দেশনা অনুসারে তফসিল ঘোষণার দিন আহ্বায়ক কমিটির পদত্যাগ করার কথা থাকলেও তা হয়নি। বুধবার এ রিট খারিজ করে দেন হাইকোর্ট। দ্বিতীয়টি ছিল নির্বাচনের তফসিল নিয়ে। এর পরিপ্রেক্ষিতে একই দিন হাইকোর্ট জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা করেন। অপর রিটটি ছিল সংসদের ২০০৩ সালের গঠনতন্ত্রের বৈধতা নিয়ে। এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই গঠনতন্ত্রের কার্যক্রম স্থগিত করেন। এটি চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনের কৌঁসুলি আবদুল মতিন খসরু বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, দুটি রিটের মধ্যে একটির রুল গ্রহণ (অ্যাবসলিউট) ও আরেকটি রুল খারিজ (ডিসচার্জ) করেছেন হাইকোর্ট। জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন স্থগিত-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। তিনি জানান, আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে সংসদের ২০০৩ সালের গঠনতন্ত্রের কার্যক্রম স্থগিত রয়েছে। এখন ২০০১ সালের গঠনতন্ত্র অনুসারে নির্বাচন হবে। ওই গঠনতন্ত্র অনুসারে ২৬ জুন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন পরিচালনা করবেন। যোগাযোগ করা হলে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান আহাদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। সার্বিক বিবেচনা করে মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা একযোগে ২৬ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তবে হাইকোর্ট জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচন স্থগিত করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবাদী, একযোগে নির্বাচন হবে। নির্বাচন অনুষ্ঠানের আগের দিন নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার ঘটনাও আছে। জেলা ও উপজেলা কমান্ড নির্বাচনের কার্যক্রম স্থগিত রয়েছে।’রিটকারীদের আইনজীবী মাসুদ রেজা সোবহান বলেন, হাইকোর্ট জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের ক্ষেত্রে ঘোষিত তফসিল অবৈধ ঘোষণা করেছেন। ফলে ২৬ জুন উপজেলা ও জেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধা রয়েছে।জানা যায়, গত আট-নয় বছরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয়নি। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী হয়েছেন। প্যানেলভিত্তিক এই নির্বাচনে ৪৮২টি থানায় ভোটারসংখ্যা এক লাখ ৬২ হাজার ৮০০।