নির্বাচন এখন জনসমর্থনহীন নিরঙ্কুশ ক্ষমতার হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসে ভোট নামক বিষয়টা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। নির্বাচনকে জনসমর্থনহীন নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা ও স্থানীয় সরকারের ভবিষ্যৎ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের প্রভাব, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা, ভোট কারচুপি ও নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল একটা বড় ধরনের ঝাঁকুনি। এখন প্রাতিষ্ঠানিকভাবেই এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটাকে এখন বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো অবকাশ নেই। একটা ধারাবাহিকতায় এটা হচ্ছে এবং এটা হতে থাকবে।’ তোফায়েল আহমেদ স্থানীয় সরকারের ওপর বিভিন্ন মহলের কর্তৃত্ব চাপানোর কথা উল্লেখ করে বলেন, ‘স্থানীয় সরকার এখন মৃত।’
সভার সঞ্চালক বিপ্লবী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদের বিশাল অপচয় ঘটিয়ে নির্বাচনের নামে প্রধানত সরকারের এজেন্ডা বাস্তবায়নের যে প্রতিযোগিতা, তা যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ নির্বাচন কমিশনকে ‘অযোগ্য, অথর্ব ও আত্মমর্যাদাহীন’ এক কমিশন বলে অভিহিত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।