নির্বাচন এলে অরাজনীতিকদের দৌড়ঝাঁপ শুরু হয়: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন এলে কিছু অরাজনৈতিক ব্যক্তির দৌড়ঝাঁপ শুরু হয়। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় হানিফ এ কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সমাবেশ সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া।
অরাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীদের উদ্দেশে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তাঁরা হেকেমি দাওয়াখানা খুলে বসেন এবং বিভিন্ন হেকেমি পরামর্শ দিতে থাকেন, যেন তাঁদের কাছে গেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কোনো হেকেমি পরামর্শ কাজে আসবে না। আসলে তাঁরা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চান।’
বিদেশ থেকে কোকের পাচার করা অর্থ ফেরত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে কোকোর পাচার করা অর্থ হস্তান্তরের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি আমলে হাওয়া ভবনের মাধ্যমে সীমাহীন দুর্নীতি হয়েছে। কোকোর দুর্নীতির বিষয়টি সত্য হওয়ায় বিএনপির নেতারা এর বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলছেন না বলে তিনি দাবি করেন।
বিএনপি যেকোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রশংসা করে হানিফ বলেন, ‘আমরাও বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হবে।’ সরকারের সাফল্য জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাফল্য সঠিকভাবে তুলে ধরতে পারলে আগামীতে আমরা নিশ্চিতভাবে ক্ষমতায় আসতে পারব।’
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো দানব সরকার ফিরিয়ে আনার মানে তারেক-কোকো-হারিছ চৌধুরীর মতো ফেরারি আসামিদের দেশে ফিরিয়ে আনা।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, ‘নামসর্বস্ব কিছু দল ড. মুহাম্মদ ইউনূসকে দরবেশ মেনে তাঁর কাছ থেকে সবক নেয়। তিনি ষড়যন্ত্রের কুশীলব মাত্র। এক-এগারোর সময়ও তিনি সরব হয়েছিলেন। এখন আবার হচ্ছেন। তাঁর এ ষড়যন্ত্রের ফাঁদে দেশের জনগণ পা দেবে না।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।