নির্বাচন এলে তাঁরা 'দাঁড়িয়ে' যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি নির্বাচন নিয়ে কয়েক দিন আগে ইউএনডিপি আয়োজন করেছিল ‘তারুণ্যের ভাবনায় চট্টগ্রাম’ শীর্ষক জবাবদিহিমূলক একটি অনুষ্ঠান। এতে চট্টগ্রামে ১২ মেয়র পদপ্রার্থীর সবাইকে আমন্ত্রণ জানানো হলেও হাজির ছিলেন না চারজন।
অনুষ্ঠানে অনুপস্থিত থাকা ‘বড়’ দুটি নাম ছিল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ও বিএনপি-সমর্থিত মোহাম্মদ মনজুরুল আলম। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে সাইফউদ্দিন আহমদ নামের এক প্রার্থী বলেছিলেন, ‘যাঁরা আসল প্রার্থী, নির্বাচনে যাঁরা জিতবেন, তাঁরা কেউ এ অনুষ্ঠানে আসেননি।’
তবে ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওই অনুষ্ঠানে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী সোলায়মান আলম শেঠ বলে ওঠেন, ‘আপনি কী করে জানলেন আমরা জিতব না, তাঁরাই জিতবেন?’ সাইফউদ্দিনের স্পষ্ট জবাব ছিল, ‘যেটা বাস্তব সত্য, আমি সেটাই বলেছি।’ বিতর্কে যোগ দিয়ে ইসলামী ফ্রন্টের প্রার্থী এম এ মতিন দাবি করেন, ‘ওরা কেউ জিতবে না, আমরাই জিতব।’
এ বিতর্ক নিরুত্তাপ অনুষ্ঠানটিতে সামান্য হলেও প্রাণসঞ্চার করেছিল বটে, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা যে মনজুর ও নাছিরের মধ্যেই হবে, এ নিয়ে কোনো দ্বিধা-সংশয় নেই ভোটারদের। তার পরও কেন প্রতিদ্বন্দ্বিতা করেন অন্য প্রার্থীরা, এ নিয়ে কৌতুক ও কৌতূহল আছে সাধারণ মানুষের মনে। এই প্রার্থীদের বেশির ভাগই হয়তো জামানত হারাবেন, এ কথা তাঁরা নিজেরাও জানেন। অনেকের নামই ভোটাররা জানেন না, এঁদের মধ্যে দু-একজন এমনকি পোস্টারও ছাপেননি, তবু নিয়ম অনুযায়ী ব্যালট পেপারে তাঁদের নাম ও প্রতীক ছাপা হবে।
সোলায়মান আলম শেঠ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী। তাঁর কিছুটা পরিচিতিও রয়েছে। অর্থবিত্ত আছে বলে প্রচারেরও বিশেষ ঘাটতি নেই। তিনি ভাবছেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির ওপর মানুষ ক্ষুব্ধ, এর প্রতিফলন এ নির্বাচনে ঘটতে পারে। আবার নিজেদের অবস্থান যাচাইয়ের জন্য প্রার্থী দেওয়ারও যুক্তি থাকতে পারে ইসলামী ফ্রন্টের কাছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে নেমেছিলেন আরিফ মঈনুদ্দিন। একসময় চটগ্রাম নগর বিএনপির সভাপতি ছিলেন। ১৯৭৮ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং জিয়া সরকারের উপমন্ত্রীও হয়েছিলেন। পরে ঘটনাচক্রে বিএনপির নেতৃত্ব থেকে ছিটকে পড়েন। এরপর আরও দু-একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনে এনডিএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। এবারও প্রার্থী হয়েছেন মেয়র পদে।
সৈয়দ সাজ্জাদ জোহা ক্যাডেট কলেজ থেকে পাস করা মেধাবী ছাত্র। নির্বাচনে দাঁড়ানো তাঁর প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়েছিলেন ২০০১ ও ২০০৬ সালে। এরপরের বার ১ শতাংশ ভোটারের সমর্থন লাগে বলে নির্বাচন করতে পারেননি। এবার মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা তো করছেনই, উপরন্তু ‘সুজন’ ও ‘সনাক’ আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন, ২০২০ সালেও মেয়র পদে দাঁড়াবেন তিনি।
বারবার জামানত হারিয়েও প্রতিদ্বন্দ্বিতা করেন কেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জোহা বলেছেন, ‘আমার মত আমি তুল ধরব, একজনেরও যদি সমর্থন পাই, সেটাইবা কম কী?’
এভাবে আরও যাঁরা মেয়র পদে প্রার্থী, তাঁরা যে আসলে কেন প্রার্থী, তাঁদের নিজেদের ভাষায় ‘সমাজ সচেতনতা’ ছাড়া আর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না।
সাধারণ ভোটাররা অনেকে রসিকতা করে বলেন, নির্বাচন এলে কিছু মানুষ বসে থাকতে পারেন না, তাঁরা ‘দাঁড়িয়ে’ যান। নির্বাচনে দাঁড়ানোটাই যেন তাঁদের আনন্দ। প্রতিদ্বন্দ্বিতা তো হবে দুজনের মধ্যে, কিন্তু আরও দশজন না দাঁড়ালে কি নির্বাচনী উৎসব জমে? কবি হয়তো তাই (?) বলেছেন, ‘হারি জিতি নাহি লাজ।’