নির্বাচন এলেই গৎবাঁধা অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে কারচুপির চেষ্টা করছে সরকার। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী দলীয় কর্মীদের হুমকি দিচ্ছে। সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে বলেও কাজ হচ্ছে না।
যেকোনো নির্বাচন এলেই প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৯-দলীয় জোট ঘুরেফিরে এই অভিযোগগুলোই করছে। খুলনা সিটি করপোরেশন নির্বাচন এবং গত ১৯ ফেব্রুয়ারির প্রথম দফায় উপজেলা নির্বাচন সামনে রেখে খুলনা বিএনপির নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করে একই অভিযোগ করেছেন। আগামীকাল ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি সেই পুরোনো অভিযোগগুলোই আবার করেছে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নির্বাচন এলেই বিএনপি মিথ্যাচার করে।
আগামীকাল খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন হবে। গতকাল মঙ্গলবার নগরের কেডি ঘোষ সড়কে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল কারচুপি ও ছিনতাই করতে সরকারের একজন মন্ত্রীর ছত্রছায়ায় অপতৎপরতা চলছে। শাসক দলের ক্যাডাররা বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন, মারপিট করছেন এবং ভোটের পরে এলাকাছাড়া করা হবে বলে ঘোষণা দিয়েছেন। আর পুলিশ প্রশাসন ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের কর্মীদের গ্রেপ্তার করতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার দপ্তর ও স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করার পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে না পারলে খুলনার জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্রলীগের সাবেক নেতা। তিনি জোটের কর্মীদের তালিকা তৈরি করে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। রূপসা উপজেলায় জোট প্রার্থী মনিরুল হাসানের কর্মী-সমর্থকদের মারধর করেছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম ও মাজিদুল ইসলামসহ জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৭ ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়া ও কয়রা উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনেও বিএনপি নেতারা বলেছিলেন, উপজেলা নির্বাচনে ১৯-দলীয় জোট প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা চরম হুমকির মধ্যে রয়েছেন। যেসব স্থানে ১৯-দলীয় জোট প্রার্থীরা ভালো অবস্থানে রয়েছেন, সেসব স্থানে ভোটার ও সংখ্যালঘুদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
কিন্তু সরেজমিন ঘুরে দেখা গেছে, ১৯ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেটি ছিল শান্তিপূর্ণ। এমনকি কয়রা উপজেলায় ১৯-দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে ২০ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। আর দিঘলিয়ায় তাদের প্রার্থী ৮৭৮ ভোটে পরাজিত হয়েছেন।
এর আগে গত বছরের ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে একই রকম অভিযোগ করেছিলেন খুলনা বিএনপির নেতারা। অথচ ওই নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান ৪২ হাজার ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেককে পরাজিত করেছিলেন।
এদিকে আগামীকালের নির্বাচন সামনে রেখে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে বিএনপি মিথ্যাচার করছে। একজন প্রতিমন্ত্রীকে জড়িয়ে তারা যে কথা বলছে সেটিও ভিত্তিহীন।
যেকোনো নির্বাচন সামনে রেখে একই ধরনের অভিযোগ কেন করেন জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, ‘আমরা যেসব অভিযোগ করি খোঁজখবর করলেই তার সত্যতা পাওয়া যাবে।’ তাহলে নির্বাচনে জয়ী হন কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নানা রকম বাধা উপেক্ষা করে নির্বাচন করি। কিন্তু জনগণই আমাদের জয়ী করে।’