নির্বাচন ও ফল বর্জন সমাধান নয়: মাহাথির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, নির্বাচন ও ফলাফল বর্জন কোনো সমাধান নয়। এ ধরনের সিদ্ধান্ত দেশ ও জাতির জন্যও কল্যাণকর নয়। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে প্রত্যেক রাজনৈতিক দলকেই নিজস্ব অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ধ্বংসাত্মক কর্মসূচি এড়িয়ে চলা উচিত। দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ারও পরামর্শ দেন তিনি।


গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন মাহাথির মোহাম্মদ। আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির অনুষ্ঠানে তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। পরে ইউআইটিএসের সমাবর্তন অনুষ্ঠানের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দেশের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাটা রাজনৈতিক দলের দায়িত্ব বলে মনে করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে মাহাথির মোহাম্মদ বলেন, একটি দেশের উন্নয়নের জন্য পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতার ওপর বিদেশি বিনিয়োগ নির্ভর করে। বিদেশি বিনিয়োগ বাড়লে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দেশের উন্নয়ন হবে। তাই স্থিতিশীলতা বজায় রেখে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মাহকে নিজেদের সুরক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে আধুনিক ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। তথ্যপ্রযুক্তিভিত্তিক উন্নত শিক্ষায় গুরুত্বারোপের মাধ্যমে মুসলিম বিশ্ব নিজেদের হারানো গৌরব ফিরে পেতে সফল হবে।

রাষ্ট্রপতি ও ইউআইটিএসের আচার্য মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া ইউআইটিএসের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, উপাচার্য ড. মুহাম্মদ সামাদ ও কে এম সাইফুল ইসলাম খান বক্তব্য দেন।

সমাবর্তন বক্তৃতায় মাহাথির মোহাম্মদ বলেন, পবিত্র কোরআন শরিফে শিক্ষার আলো গ্রহণের কথা বলা হলেও মুসলিম উম্মাহ একটা দীর্ঘ সময় পর্যন্ত নিজেরাই নিজেদের বঞ্চিত করেছে। অন্যের ওপর নির্ভরশীল থেকেছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া নিজেদের ও ইসলামকে রক্ষা সম্ভব নয়। তাই আগ্রাসী হওয়ার লক্ষ্যে নয়, নিজেদের সুরক্ষা ও সমৃদ্ধির স্বার্থে জ্ঞানভিত্তিক ও উন্নত শিক্ষায় মুসলমানদের শিক্ষিত হতে হবে। আজকের দিনে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষায় বিশেষ মনোযোগী হওয়া ছাড়া অগ্রগতির সুযোগ নেই।

সভাপতির বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ব্যয়বহুল বিধায় এখানে সমাজে পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পায় না। তাদের শিক্ষার জন্য বৃত্তিসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়াতে হবে। কেবল বিত্তবান ঘরের সন্তান নয়, দরিদ্র ঘরের সন্তানরাও যেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে বিষয়টি সুবিবেচনার জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।’