নির্বাচন কমিশন আওয়ামী ক্যাডারের ভূমিকা নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী ও তাঁর মনোনীত ২০ জন নেতাকে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে নির্বাচনী আচরণবিধি সংশোধনের জন্য নির্বাচন কমিশন থেকে যে প্রস্তাব করা হয়েছে, তার কড়া সমালোচনা করেছে জামায়াতে ইসলামী।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, বিদ্যমান আচরণবিধিতে পদে বহাল থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারসহ তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কাজে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এ বিধান সংশোধনের প্রস্তাব করে নির্বাচন কমিশন আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এতে নির্বাচনী প্রচারণাসহ সব ক্ষেত্রে সরকারি দলের প্রার্থী ও বিরোধী দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চরম বৈষম্যের সৃষ্টি হবে। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট হবে।বিবৃতিতে দাবি করা হয়, দেশবাসী মনে করে, দলীয় সরকারের অধীনে এবং দলীয় সরকারের নিয়োগ করা বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়। এ কারণেই ১৮-দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার দাবিতে যে আন্দোলন করে আসছে, তা আজ যৌক্তিক প্রমাণিত হয়েছে। বিবৃতিতে নির্বাচনী আচরণবিধি সংশোধনের প্রস্তাব প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনের প্রতি এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।