নির্বাচন কমিশন কারও সঙ্গে আপস করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচন কমিশন কারও সঙ্গে আপস করবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখার জন্য শপথ নিয়ে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছি। দেশে যত নির্বাচন হবে, সব নির্বাচন সুষ্ঠু করা আমাদের দায়িত্ব।’

ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি মিলনায়তনে গতকাল মঙ্গলবার সারা দেশের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচনের শর্ত সঠিক ভোটার তালিকা। কমিশন সে কাজটি সঠিকভাবে করতে চায়।

নুরুল হুদা বলেন, ‘আমরা সারা দেশে স্মার্ট কার্ড দেব।’

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘মানি এবং মাসল পাওয়ার (টাকা ও পেশিশক্তি) অনেক সময় সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করে। আমরা চাই এই দুটি শক্তি যেন নির্বাচনকে প্রভাবিত না করে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিইসি ময়মনসিংহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া এলাকার একটি বাড়িতে গিয়ে কয়েকজন নতুন ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন।