চাঁদপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করে তাঁর সদস্যপদ বাতিল করে আসনটি শূন্য ঘোষণা করেছে। গতকাল রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ কথা বলেন। তবে বিষয়টি বিচারাধীন থাকায় স্পিকার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আদালত থেকে রায়ের কপি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন অশোভন দ্রুততার সঙ্গে আমার সদস্যপদ বাতিল করে গেজেট প্রকাশ করেছেন।’ তিনি সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ ধারার ব্যাখ্যা দিয়ে বলেন, বিধান অনুযায়ী কোনো সাংসদের সদস্যপদ নিয়ে প্রশ্ন দেখা দিলে সেক্ষেত্রে সংসদের স্পিকারই সর্বময় ক্ষমতার অধিকারী। স্পিকার বিরোধ নিষ্পত্তির জন্য কমিশনের কাছে পাঠালে কমিশন শুনানি শেষে এ বিষয়ে তাদের সিদ্ধান্ত স্পিকারকে জানাবে। এ ক্ষেত্রে কমিশন একতরফাভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, তা বেআইনি।মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যকে সমর্থন করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আদালতও যদি কোনো সাংসদের সদস্যপদ বাতিল করে রায় ঘোষণা করেন, সেটা আগে স্পিকারের কাছে আসবে। স্পিকার সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত কমিশন কারও সদস্যপদ বাতিল করতে পারে না। তাদের এই সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত।