নির্বাচন কমিশন গঠনের জন্য আইনি কাঠামো দরকার
নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইনি কাঠামো গঠনের সুপারিশ করেছে একটি সেমিনারের বক্তারা।
আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকের প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ হচ্ছে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি স্থায়ী পদ্ধতি বের করা। এ জন্য প্রয়োজনে আইন করা যেতে পারে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, ১৯৯১ সালেও জাতীয় ঐকমত্য হয়নি। জাতীয় পার্টি বাইরে ছিল। খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে গিয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। তাই জাতীয় ঐকমত্য সৃষ্টি করা অনেক কঠিন কাজ।
আবদুর রাজ্জাক বলেন, নির্বাচন কমিশন গঠনে সাবেক রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে একটা ভালো উদাহরণ সৃষ্টি করেছিলেন। বর্তমান রাষ্ট্রপতিও এই পথ অনুসরণ করবেন। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে আইন হতে পারে। নির্বাচন সুষ্ঠু করার জন্য করণীয় সব কাজ সরকার করবে। এ বিষয়ে কমিশন গঠনের ব্যাপারে আপনারা রাষ্ট্রপতির ওপর আস্থা রাখতে পারেন।
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের সময় যে দল ক্ষমতায় থাকবে, তারা নিরপেক্ষ না হলে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এতে কমিশন যতই নিরপেক্ষ হোক না কেন। আগেরবার যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, সেটা যথেষ্ট নয়। এটার একটা আইনি ভিত্তি দরকার।
সেমিনারে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের নেতারা সুপারিশ করেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইনি কাঠামো দরকার। এর আওতায় থাকবে একটি সার্চ কমিটি, এর কার্যপদ্ধতি, প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা ও একজন নারী কমিশনার রাখার বিধান।