নির্বাচন কমিশন চাপ বোধ করছে না: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের দাবিতে ‘নির্বাচন কমিশন কোনো চাপ বোধ করছে না’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত রোববার নরসিংদীর জনসভায় কমিশনারদের পদত্যাগ দাবি করেন।
গতকাল সোমবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। তিনি বলেন, ‘এটা তাঁদের ব্যক্তিগত মত। আমরা কাজ দিয়ে প্রমাণ করব, নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। ইতিমধ্যে প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে। কোনো নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠেনি।’
নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বৈঠক করবে কি না জানতে চাইলে সিইসি বলেন, কমিশন আগেও দলগুলোর সঙ্গে বৈঠক করেছে। এটি চলমান প্রক্রিয়া। যেকোনো দল চাইলে যখন-তখন এসে কমিশনকে পরামর্শ দিতে পারে। কমিশন তা গ্রহণ করবে। তিনি বলেন, সংসদ বহাল রেখে, নাকি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত সংসদ নেবে।
সংসদ বহাল রেখে নির্বাচন করা দুরূহ—নির্বাচন কমিশনার আবু হাফিজের এই মন্তব্য সম্পর্কে সিইসি বলেন, সবারই ব্যক্তিগত কিছু মতামত থাকে। কমিশনের সভায় কোনো সিদ্ধান্ত হলে সেটা কমিশনের মত হিসেবে বিবেচিত হবে।
সাংসদেরা পদে থেকে নির্বাচন করতে পারবেন কি না, জানতে চাইলে রকিব উদ্দীন বলেন, সাংসদদের পদ লাভজনক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিইসি জানান, প্রায় ৭০ লাখ নতুন ভোটারের পরিচয়পত্র ছাপার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা জেলার পরিচয়পত্র ছাপার কাজ শেষ হয়েছে। এসব পরিচয়পত্র কীভাবে বিতরণ করা যায়, সে বিষয়ে গতকাল কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত কমিশন তা বাতিল করেছে। এ বিষয়ে সিইসি বলেন, ‘জামায়াতকে এর আগে দুবার সময় দেওয়া হয়েছিল। কিন্তু কমিশনের জরুরি বৈঠকের কারণে তা বাতিল করতে হয়েছে। আজও (গতকাল সোমবার) তাদের আসার কথা ছিল। কিন্তু কমিশনের বৈঠকের কারণে বসা সম্ভব হয়নি। তাদের পরে সময় দেওয়া হবে।
আদালত জামায়াতের নিবন্ধনকে অবৈধ বলেছেন। কমিশনের বিবেচনায় দলটি এখন নিবন্ধিত দল কি না—জানতে চাইলে সিইসি বলেন, ‘আদালতের রায় বহাল আছে। আদালতের নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। আমরাও মেনে চলব।’