নির্বাচন কমিশন ছিল নিষ্ক্রিয়

ইউপি নির্বাচনে সবচেয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা। ক্ষমতাসীন দলের লোকজনের দাপটে প্রায় একতরফা নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ভোট জালিয়াতি ও সহিংসতা বন্ধে কমিশনকে খুব একটা তৎপর দেখা যায়নি। বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচন দেশের সার্বিক নির্বাচনব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
এবারের নির্বাচনের মধ্য দিয়ে কেন্দ্র দখল, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, প্রকাশ্যে প্রার্থীর পক্ষে সিল মারা এবং প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে এলাকাছাড়া করার প্রবণতা একটি স্থায়ী নির্বাচনী সংস্কৃতি হয়ে দাঁড়াতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পরিস্থিতি দেখে কমিশনের উচিত ছিল দ্বিতীয় ধাপের পরপরই নির্বাচন বন্ধ করে দেওয়া। সে ক্ষেত্রে সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে বাধ্য হতো।
তবে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, নির্বাচন বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। বাস্তবে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে ভালো নির্বাচন করা সম্ভব নয়।
নির্বাচন কমিশন ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে ৪ হাজার ১০৪টি ইউনিয়নে ভোট গ্রহণ করে। এর মধ্যে ৪ হাজার ইউপির ফল প্রকাশ করা হয়েছে। অনিয়মের কারণে স্থগিত রয়েছে ১০৪টি ইউপির ফল। ফল পাওয়া ইউপির মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জিতেছেন ২ হাজার ৬৬৭টিতে। আর বিএনপি জিতেছে মাত্র ৩৬৭টিতে। এ ছাড়া জাতীয় পার্টি ৫৭, জাসদ ৮, জেপি ৫, ওয়ার্কার্স পার্টি ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও জাকের পার্টি একটি করে ইউপিতে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৮৮৮টি ইউপিতে। নির্বাচনে ২০৭ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন স্বতন্ত্র। অন্যরা আওয়ামী লীগের মনোনীত।
কমিশন সচিবালয়ের প্রাথমিক তথ্যানুযায়ী, নির্বাচনে বিএনপি ৫৫৪ এবং আওয়ামী লীগ তিনটি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিতে পারেনি। সব মিলিয়ে আওয়ামী লীগ ভোট পেয়েছে ৪৭ দশমিক ২৮, বিএনপি ১৮ দশমিক ৭৮, জাতীয় পার্টি ২ দশমিক ০২, জাতীয় পার্টি-জেপি দশমিক ২৭, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ দশমিক ০৪, জাসদ দশমিক ২৮, ওয়ার্কার্স পার্টি দশমিক ১৫, সিপিবি দশমিক ০৩ এবং স্বতন্ত্র প্রার্থীরা ২৮ দশমিক ১৩ শতাংশ।
এম সাখাওয়াত হোসেন বলেন, এই অবিশ্বাস্য ফলই বলে দিচ্ছে, নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।
তবে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, বিএনপি কেন খারাপ করেছে, সেটা কমিশনের চেয়ে বিএনপিই বেশি ভালো বলতে পারবে।
নিষ্ক্রিয় কমিশন: নির্বাচনে ভোট জালিয়াতির অনেক অভিযোগ আসতে থাকলেও কমিশনের পক্ষ থেকে যথাযথ প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। সহিংসতা বন্ধেও কমিশনকে সক্রিয় হতে দেখা দেয়নি। দেশব্যাপী ৪ হাজারের বেশি ইউপির ৩৬ হাজারের বেশি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, অর্ধেকের বেশি কেন্দ্রে অনিয়ম হয়েছে। কিন্তু কমিশন মাত্র ৩৪৬ কেন্দ্রের ভোট বাতিল করে দায়িত্ব সেরেছে।
নির্বাচনী অনিয়মের কারণে কমিশন ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও শেরপুরের শ্রীবর্দী পৌরসভার মেয়রকে বরখাস্ত করে। সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। সতর্ক করা হয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, সাংসদ এনামুল হক, ওমর ফারুক চৌধুরীসহ কয়েকজনকে। প্রত্যাহার করা হয় ১৮ জন ওসি (থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও একজন এসপিকে (জেলা পুলিশ সুপার)। কিন্তু এসব ব্যবস্থা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত ছিল না।
কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তাদের মতে, দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় কেন্দ্র দখলের সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কমিশন ওই সব কেন্দ্রের ভোট বন্ধ করেনি। ভোট জালিয়াতির অভিযোগ করে বিভিন্ন ধাপে দেড় হাজারের মতো অভিযোগ জমা পড়লেও কমিশন হাতে গোনা কয়েকটি অভিযোগ আমলে নিয়েছে। অন্যদের আদালতে নালিশ করার পরামর্শ দিয়েছে। যদিও এ ক্ষেত্রে কমিশন সচিবালয়ে আইন শাখা গুরুতর অভিযোগগুলো আমলে নেওয়ার সুপারিশ করেছিল।
শেষ পর্যন্ত খোদ কমিশনই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিন দফায় চিঠি দিয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বৈধ অস্ত্রধারী ব্যক্তিদের তাঁদের অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে প্রতিটি এলাকায় ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার কথা থাকলেও বাস্তবে কোনো অভিযান হয়নি। কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কমিশনের এই অসহায় আত্মসমর্পণ মাঠের সন্ত্রাসীদের উৎসাহ জুগিয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, নির্বাচনে যে সহিংসতা হয়েছে, সেটা রাজনৈতিক সংস্কৃতির ফসল। এর জন্য এককভাবে কমিশনকে দায়ী করলে চলবে না। নির্বাচন সুষ্ঠু করতে হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে হবে। সেই দায়িত্ব দলগুলোকেই নিতে হবে।
একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচনের সময়ে তো প্রশাসন পুলিশ বাহিনীকে কমিশনের কথামতো চলতে হয়। এ অবস্থায় নির্বাচনে কোনো অনিয়ম হলে সে দায় মন্ত্রণালয় কেন বহন করবে? আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ অনিয়ম করে থাকলে কমিশন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা তো নিয়েছেও।
অস্ত্র ও পেশিশক্তির নির্বাচন: এবারের নির্বাচনে শুরু থেকেই অস্ত্র ও পেশিশক্তির ব্যবহার শুরু হয়। নির্বাচনের প্রথম ধাপেই সরকারি দলের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা দলের বিদ্রোহী ও বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা দিতে শুরু করেন। কমিশন দ্বিতীয় ধাপ থেকে জেলা প্রশাসনের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়ম চালু করলেও তাতে কাজ হয়নি। ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষের মনোনয়নপত্র প্রত্যাহার করার ঘটনা শেষ ধাপ পর্যন্ত অব্যাহত ছিল। যার ফলে বিএনপি ৫৫৪টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিতে পারেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ক্ষেত্রেও ইতিহাস সৃষ্টি হয়েছে। এর আগে ১৯৮৮ সালে এইচ এম এরশাদের শাসনামলে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন।
যেসব ইউপিতে বিএনপি প্রার্থী মনোনয়ন দিতে পেরেছিল, সেখানেও প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে নির্বিঘ্নে কাজ করতে পারেননি। জানতে চাইলে বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, এ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ দেখেছেন, অস্ত্র ও পেশিশক্তি কীভাবে তাঁদের ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারি দল—সবাই মিলে ভোট ডাকাতি করেছে।
নির্বাচনের এই অবস্থা নিয়ে খোদ সরকারের সমমনা দলগুলোও অসন্তোষ প্রকাশ করেছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। সরকার কমিশনকে যথাযথ সহযোগিতা করেনি। কিন্তু সরকারের সহযোগিতা ছাড়াও কমিশনের হাতে যে ক্ষমতা আছে, সেটা প্রয়োগ করলেও এর চেয়ে কয়েক গুণ বেশি সুষ্ঠু নির্বাচন করা যেত। কমিশন তা করেনি।
নির্বাচনে বেশির ভাগ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। অনেক জায়গায় সশস্ত্র সন্ত্রাসীরা ব্যালট বাক্স ও ব্যালট পেপার কেন্দ্রের বাইরে নিয়ে গিয়ে ব্যালটে সিল মেরে পরে তা প্রিসাইডিং কর্মকর্তার কাছে জমা দিয়ে গেছে। কিছু কিছু জায়গায় প্রিসাইডিং কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সন্ত্রাসীদের সঙ্গে ব্যালট পেপারে সিল মারার যজ্ঞে লিপ্ত হয়েছিলেন।
প্রায় সব ইউপিতে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র বহন করেছে। কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে গিয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীদের অস্ত্র প্রদর্শন করে। প্রতিপক্ষকে কেন্দ্রছাড়া করতে এলোপাতাড়ি গুলিও ছোড়া হয়। এসব ক্ষেত্রে দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি জায়গায় পুলিশ ছিল নিষ্ক্রিয়।