নির্বাচন কমিশন তারা, ভোটারও তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকা দেখে ভোটারের পরিচয় মি​লিয়ে নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
ভোটার তালিকা দেখে ভোটারের পরিচয় মি​লিয়ে নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো

নাটোরের গুরুদাসপুরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের ছাত্র সংসদের নির্বাচন। আজ শনিবার গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিশুদের ভেতর গণতন্ত্রের চর্চা বিকশিত করা, নেতৃত্ব গঠন ও নির্বাচন সম্পর্কে ধারণা সৃষ্টি করতেই এ আয়োজন। নির্বাচিত প্রতিনিধিরাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে।

ভোটারের আঙুলে লাগিয়ে দেওয়া হচ্ছে কালি। ছবি: প্রথম আলো
ভোটারের আঙুলে লাগিয়ে দেওয়া হচ্ছে কালি। ছবি: প্রথম আলো

স্কুলে গিয়ে দেখা গেছে, মাঠে ছাত্রছাত্রীরা ভোট দেওয়ার জন্য লম্বা লাইন ধরে দাঁড়িয়ে। কক্ষের ভেতরে প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং ও পোলিং এজেন্ট ভোট গ্রহণের দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে কাব-স্কাউটিংয়ের দল। দায়িত্ব পালনকারী সবাই শিক্ষার্থী। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ছাত্রদের মধ্যে থেকে একজন নির্বাচন কমিশনের দায়িত্বও পালন করছে।

খোঁজ নিয়ে জানা গেল, ৩০২ জন ভোটার রয়েছে। তার মধ্যে ছাত্রী ভোটার ১২৯ জন। ২১ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে নির্বাচিত হবে ৭ জন—তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে দুজন করে এবং সংরক্ষিত পদে একজন।

ভোট দেওয়ার অপেক্ষায় ভোটারদের লম্বা লাইন। ছবি: প্রথম আলো
ভোট দেওয়ার অপেক্ষায় ভোটারদের লম্বা লাইন। ছবি: প্রথম আলো

নির্বাচন কমিশন ও প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা মেহেরুন্নার মীম জানায়, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন কী, কেমন করে হয়, তা জানা নেই তাদের। তাই এটা অন্য রকম অনুভূতি। ‘নিজেদের ভোট নিজেরাই গ্রহণ করছি। এটা ভবিষ্যতে কাজে লাগবে।’
ভোটে অংশগ্রহণকারী নাফিজ ইমতিয়াজ, সুজয় কুন্ডু, আয়শা বিনতে আতিক ও ফারিহা ইসলামেরর ভাষ্য, এ বয়সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ও ভোট দিতে পারায় তারা খুব আনন্দিত। নির্বাচিত হয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানা রকম সুযোগ-সুবিধার বিষয়ে তারা কাজ করবে।

কয়েকজন অভিভাবকেরা জানান, এ ভোট শুধু শ্রেণিকক্ষের নেতৃত্বই দেবে না। নতুন নেতৃত্ব গঠনেও ভূমিকা রাখবে কোমলমতি এসব শিশুর।

গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুর্তজা জানান, ভোট গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীদের আগে থেকেই নির্দেশনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের এই ভোটে সব শিক্ষার্থীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯০টি প্রতিষ্ঠানে গত ১৫ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের ছাত্র সংসদের নির্বাচন শুরু হয়। ইতিমধ্যে ৫০ ভাগ বিদ্যালয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে।

নিজের ভোট দিয়ে ব্যালট বাক্সে ফেলছে এক ভোটার। ছবি: প্রথম আলো
নিজের ভোট দিয়ে ব্যালট বাক্সে ফেলছে এক ভোটার। ছবি: প্রথম আলো