নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারছে না: সুজন
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারছে না বলে মনে করছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির সম্পাদক বদিউল আলম বলেন, ‘নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারছে না এটা স্পষ্ট। নাগরিক হিসেবে আমরা শঙ্কিত। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে অবস্থা বেসামাল হয়ে যাবে।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বদিউল আলম এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংবাদ সম্মেলন হয়।
বদিউল আলম বলেন, যাঁরা প্রার্থী হতে চান, তাঁরা যেন প্রার্থী হতে পারেন, সেটি দেখতে হবে। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় প্রার্থী কমে গেছে। আগে যাঁরা অরাজনৈতিক ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতেন, তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। কারণ তাঁরা জানেন, জয়ের সম্ভাবনা ক্ষীণ। আগে নির্বাচনের সময় যত অনিয়ম হয়েছে সেসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নিলে, এখন যে অনিয়ম হচ্ছে সেগুলো হতো না। এ রকম চললে পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়বে। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। কারণ তাদের ক্ষমতা অগাধ।
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, ২০১৩ সালের পর এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। সরকার থেকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে না। মানসম্মত নির্বাচন না হওয়ায় প্রার্থীরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।