বিএনপি দাবি করেছে, নির্বাচন কমিশন মনে করে, জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা উচিত। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ দাবি করেন।সংবাদ সম্মেলন করার আগে বিএনপির একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দপ্তর সম্পাদক রুহুল কবির।সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার বলেন, নির্বাচন কমিশন তাঁদের জানিয়েছে, এই দুই আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না, এমন কোনো কথা কমিশন বলেনি। কমিশন বলেছে, নির্বাচনে সেনা মোতায়েনের জন্য তারা সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। কিন্তু সেখান থেকে কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে, উপনির্বাচনে সেনা মোতায়েন করা উচিত। তারা চাহিদার কথা জানিয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সব ধরনের চাহিদা মেটাতে সরকার বাধ্য। তাই নির্বাচনে কোনো কারণে সেনাবাহিনী দেওয়া না হলে, তা কমিশনের ব্যর্থতা প্রমাণ করবে। সে ক্ষেত্রে সাংবিধানিক দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে কমিশনের পদত্যাগ করা উচিত হবে। তাদের উচিত হবে দায়িত্ব পালনে সরকারের বাধার বিষয়টি জনগণের সামনে তুলে ধরা।এম কে আনোয়ার বলেন, নির্বাচন কমিশন বলেছে, তারা সেনা মোতায়েনের চেষ্টা করছে। বিএনপি কমিশনের বক্তব্যে আশ্বস্ত হয়েছে। বিএনপি আশা করে, নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করার ইচ্ছা সরকারের থাকতে পারে। কিন্তু সরকারের এই কাজে কমিশনের পক্ষ হওয়া ঠিক হবে না।জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিএনপি যোগ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, ‘সংসদে গিয়ে জনগণের কি স্বার্থ রক্ষা হবে?’ তা হলে পদত্যাগ করছেন না কেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময় হলে পদত্যাগ করা হবে।’শেয়ারবাজারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, আত্মস্বীকৃত অপরাধীরা তদন্ত করবে। সে ক্ষেত্রে তদন্তের ফলাফল কী হবে, তা জনগণ জানে। এটা ’৯৬ সালের ঘটনার পুনরাবৃত্তি হবে।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা না হলে বুঝতে হবে, কমিশন জেনে-বুঝে সরকারি দলকে সুযোগ করে দিতে এটা করেছে। সেনাবাহিনী না দেওয়া মানে সরকার সেখানে প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের চিন্তা করছে।